গাজার সার্বিক পরিস্থিতি ‘অসহনীয়’ এবং বিষয়টিতে সরকারের অবশ্যই দৃষ্টি দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ড।
ইরাইলের লাগাতার সেনা অভিযানে গাজায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অবস্থানের সমালোচনার পর এমন মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরাইলি আগ্রাসনের সমালোচনা না করে প্রধানমন্ত্রী ‘ভুল’ করছেন বলে মন্তব্য করেছিলেন মিলিব্যান্ড। রবিবার পররাষ্ট্রমন্ত্রী হামন্ড যুক্তরাজ্যের ‘দ্য সানডে টেলিগ্রাফ’ পত্রিকাকে বলেন, “গাজায় অন্তহীন সহিংতার আভাস দেখা যাচ্ছে”।
“গাজা নিয়ে প্রতিদিন টেলিভিশনের পর্দায় যা দেখানো হচ্ছে তা জনগণকে গভীরভাবে প্রভাবিত করছে, তারা নিশ্চয়ই এ নিয়ে অনেক বিরক্ত। ব্রিটিশ জনগণ নিশ্চয় বুঝতে পারছে যে, গাজার সাধারণ মানুষ অসহনীয় পরিস্থিতির মধ্যে আছে, যেদিকে অবশ্যই দৃষ্টি দেয়া উচিত। ”
