চারটি খালের মিলিত স্থানকে কেন্দ্র করে চৌমুহনীর নামকরণ হয়। বর্তমানে চৌ-মোহনার চিহ্ন বিলুপ্ত হয়ে গেছে দখলদারদের অবৈধ দখলের কবলে।
এক সময় নৌ পথে চৌমুহনীর সাথে দেশের নদী বন্দরসমূহের সাথে যোগাযোগ ছিল। চৌমুহনী তথা বেগমগঞ্জের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম খাল হলেও এখানে খাল ভরাট করে দোকান-পাট, বাড়ি-ঘর নির্মাণ করা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে একদিকে চৌমুহনী শহরের অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়, অপরদিকে বেগমগঞ্জে আউস, আমন ও রবি ফসল হয় না। শীতকালীন বোরো চাষই কৃষকদের একমাত্র ভরসা।
কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, প্রাকৃতিক সৃষ্ট সমস্যা ছাড়াও মনুষ্য সৃষ্ট সমস্যা বেগমগঞ্জের বেশি। চৌমুহনীর ওপর দিয়ে বেগমগঞ্জ-সোনাইমুড়ি খাল, চৌমুহনী-ছাতারপাইয়া খাল, চৌমুহনী-ফেনী খাল প্রবাহিত হয়েছে। এ খালসমূহের চৌমুহনী শহরাংশের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। উপরোক্ত খালসমূহের মিলিত স্থানকে কেন্দ্র করে চৌমুহনীর নামকরণ হয়। অথচ বর্তমানে চৌমুহনীর কোন অস্তিত্ব নেই। চৌমুহনীতে খাল ভরাট করে দোকানপাট, বাড়ি-ঘর নির্মাণ নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপারটির দিকে কোন নজর দিচ্ছে না। তাছাড়া শহরের আবর্জনা পরিষ্কার করে খালেই ফেলা হয়। এই আবর্জনাপূর্ণ খালের দুর্গন্ধে পৌরবাসীর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে।
পৌর কর্তৃপক্ষও এ দিকে নজর দিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বা রাজস্ব বিভাগ কোন নজর দিচ্ছে না। এক সময় খালসমূহের মাধ্যমে চৌমুহনীর সাথে দেশের নৌ বন্দর চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন বন্দরের সাথে নৌ-যোগাযোগ ছিল। বর্তমানে জবরদখলদারদের করাল গ্রাসে খালগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে।
দেড় থেকে দুইশ’ ফুট চওড়া খালগুলো বর্তমানে নালায় পরিণত হয়েছে। অপরদিকে উপজেলার গাবুয়-ছয়ানি খাল, রুহিতা জোরা খাল, মহেন্দ্র খাল, ছাতারপাইয়া খাল, ফেনী খাল, বেগমগঞ্জ-সোনাইমুড়ি থানার হাট খালসহ বিভিন্ন অভ্যন্তরীণ খালসমূহের রাজগঞ্জ বাজার, ছয়ানি বাজার, বাংলাবাজার, সেতুভাঙ্গা বাজার, জমিদার হা্ট, কাজীর হাট, পরানবিবির হাট, মজুমদার হাট, আফানিয়া বাজার, গোপালপুর বাজারসহ বিভিন্ন বাজার এলাকায় জবরদখলকারিরা অবৈধভাবে খাল ভরাট করে দোকানপাট নির্মাণ করে খালসমূহের অস্তিত্ব প্রায় বিলীন করে চলেছে। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।
