ইনজুরি শঙ্কায় তামিম ইকবাল

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৬
সপ্তাহ খানেকের মধ্যেই বাংলাদেশ দল রওনা হবে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ সফরের উদ্দেশ্যে। এই সময়ে দলের গুরুত্বপূর্ণ কারো ছোট ইনজুরিও বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই দুশ্চিন্তাটাই কাল উপহার দিলেন তামিম ইকবাল। গোড়ালির চোট নিয়ে গতকালকের অনুশীলন শেষ করেছেন বাংলাদেশি এই ওপেনার। যদিও দলের ফিজিওথেরাপিস্ট বিভব সিং বলছেন, এখনো গুরুতর কিছু বলে মনে হচ্ছে না। তবে একইসঙ্গে অন্তত ২৪ ঘণ্টা পার না হলে কোনো ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্ত জানাতে পারছেন না তারা। ঘটনাটা ঘটে নেট অনুশীলনের সময়। তাসকিন আহমেদের ইয়র্কার ডেলিভারি সরাসরি গিয়ে আঘাত করে তামিমের ডান পায়ের গোড়ালিতে। তাত্ক্ষণিক প্রচণ্ড ব্যথায় তামিমের যে প্রতিক্রিয়া ছিল, তাতে ভয়ই পেয়ে গিয়েছিলেন ফিজিও। এরপর আর অনুশীলন করতে না পারা তামিম মাঠ ছাড়ার আগে শুধু বলে যান যে, ‘পায়ে ব্যথা অনেক। খুব গতি ছিল বলে। আজকে মনে হয় এক্স-রে হবে না।’ তামিমের মনে হওয়াটা ঠিক ছিল। ফিজিও বিভব সিং রাতে বলেছেন, ‘আসলে এই ধরনের ইনজুরিতে অন্তত ২৪ ঘণ্টা না গেলে তাড়াহুড়ো করে এক্স-রে বা স্ক্যান করে তেমন কিছু পাওয়া যায় না। যেহেতু কিছুটা হলেও সময় আছে, তাই আমরা তাড়াহুড়ো করিনি। তবে আগামীকাল (আজ) বিকালের মধ্যে একটা কিছু বোঝা যাবে।’ বিভব অবশ্য ব্যক্তিগতভাবে আশাবাদী যে, ব্যাপারটা খুব ভয়ানক কিছু হবে না, ‘তামিম শুরুতে অনেক ব্যথা পেলেও পরে হেঁটেছে, নিজেই ড্রেসিংরুমে গেছে। ফলে এখনো খুব সিরিয়াস মনে হচ্ছে না। আসলে পেসারদের বল সরাসরি আঘাত করলে অনেক ব্যথা লাগে; কিন্তু কোন ক্ষেত্রে কী ঘটে, সেটা একটু সময় না গেলে বোঝা মুশকিল।’ সেই বোঝার জন্য আজ ফোলা কমে গেলে এক্স-রে ও স্ক্যানিং করা হতে পারে। তারপর হয়তো চিকিত্সকরা বুঝতে পারবেন, তামিমের কী অবস্থা। সেই অবস্থাটা ইতিবাচক হওয়া বাংলাদেশের জন্য জরুরি। এমনিতেই ওয়েস্ট ইন্ডিজের এই গুরুত্বপূর্ণ সফরে সাকিব আল হাসান নেই নিষেধাজ্ঞার কারণে। সঙ্গে আবার তামিমের শঙ্কা যোগ হলে সেটা দলের জন্য শুভ নিশ্চয়ই নয়।