রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামের মিতালীবাজার এলাকায় রবিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়াল বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে বরসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে বর পক্ষের লোকজন তাদের নিরাপত্তার জন্য রায়পুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে পুলিশের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। এ ঘটনায় উভয় পক্ষের আহতদের উদ্ধার করে রায়পুর ও লক্ষ্মীপুর সদর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, নাছিমা আক্তার, গোফরান, রিয়াজ, দুলাল, নাজির, ফারুক, জনি, মনির, মোবারক হোসেন, মহিম, খোরশেদ আলম, আব্দুর রহিম, ইমাম, মিল্লাত, জসিম, মিন্টু ও আরিফসহ উভয়পক্ষের প্রায় ৩০ জন।
পুলিশ ও এলাকাবাসী জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের মো. গোফরানের ছেলে জাকির হোসেনের সাথে রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামের আবুল বাসারের মেয়ে বিউটি আক্তারের বিয়ের দিন ধার্য হয় গত রবিবার। কনে পক্ষের লোক মো. জসিম বর জাকিরকে গেট থেকে কোলে নিয়ে বিয়ের আসনে নেয়ার সময় পড়ে আহত হয়। বরের পক্ষের লোকজন কনে পক্ষের দুইজনকে মারধর করে। এর জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়। পরে পুলিশী হস্তক্ষেপে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করে কনেকে বর পক্ষের লোকজনের হাতে তুলে দেন।
রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আকন্দ বলেন, আহত বা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
