আন্দোলন-এর কথা শুনলেই দেশের সাধারণ মানুষের গা শিউরে ওঠে। আতঙ্কিত হয়। এই বুঝি শুরু হলো যানবাহনে, দোকানপাটে, ব্যবসাপ্রতিষ্ঠানে পেট্রোল বোমা মারা; জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা; রেললাইন উপড়ে ফেলে ট্রেন দুর্ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করা; সর্বত্র অগ্নিসংযোগ চালানো; রাস্তার দুই পাশের গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহন চলাচল বন্ধ করে সাধারণ মানুষ ও দেশের সর্বনাশ ঘটানো।
সেই কবে শৈশবে দেখেছিলাম ‘জন্মভূমি’ নামের ছবিটি। ঐ ছবির নায়ক-নায়িকা অশোক কুমার ও দেবিকা রানী ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিয়ে রাজপথ দখল করে নয়; যানবাহনে আগুন দিয়ে নয়; শহর থেকে গ্রাম-গ্রামান্তরে ছুটে গিয়েছিলেন তাঁরা। দাবি-দাওয়া তাঁরা তুলেছিলেন গানে গানে। তাদের কণ্ঠে গানের বাণী শুনে উপমহাদেশের তামাম জনতা সেদিন উদ্বুদ্ধ হয়েছিল স্বাধীনতা সংগ্রামে। আজ দেশে জনগণের কতই দাবি- সেইগুলো নিয়ে শান্তিপূর্ণভাবে কি করা যায় না আন্দোলন? তবে এ জামানায় তা কেউ করে না, আন্দোলন হয়ে গেছে এখন মধ্যযুগীয় বর্বরতার মতো। তাহলে জনগণ কেনই বা সাড়া দেবে আন্দোলনে ?
লিয়াকত হোসেন খোকন, ঢাকা
