রাজশাহীর পবা উপজেলার বায়া তেলীপাড়া গ্রামের দুর্গা মন্দিরে গত রবিবার গভীর রাতে ২টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিমা ভাংচুরে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আতংক বিরাজ করছে।
বায়া তেলিপাড়া গ্রামের প্রায় ৩০ বছর পূর্বে প্রতিষ্ঠিত এই শ্রী শ্রী দুর্গা মন্দির। ভেঙ্গে ফেলা মূর্তির পাশে একটি হাফপ্যান্ড ও একটি ফুলপ্যান্ট পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্যান্টের পকেটে দুর্বৃত্তদের ছবি, ভোটার আইডি কার্ড, ২০০ টাকা ও কলম ছিল।
শাহ্্মখদুম থানার ওসি সায়েদুর রহমান জানান, উদ্ধার করা ছবি দেখে সকাল সাড়ে ১১টায় সুমন (২২) নামের এক খ্রিস্টান যুবককে আটক করা হয়েছে। সে এঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর ভোটার আইডি কার্ডধারীসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মতিহার জোনের এসি নূরুল ইসলাম, পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল হক, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের ও যুব উন্নয়ন কর্মকর্তা শহীদ আলী রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
