বোয়ালমারীতে পুলিশের সামনেই বাল্য বিবাহ!

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:৪০
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অমান্য করে ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের উপস্থিতিতে নবম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানিপাড়া গ্রামের আক্কাস শেখের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়। এদিকে এ ঘটনায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, সারা দেশে এত বাল্য বিয়ের ঘটনা ঘটছে, এ আর এমনকি ঘটনা। দু’একটি ঘটনা তো ঘটতেই পারে। বাল্য বিয়ে আয়োজনের খবর পেয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ওই মেয়ের বাবা আক্কাস শেখকে নিজ কার্যালয়ে ডেকে আনেন। এ সময় আকলিমার বাবা আক্কাস শেখ তার অজ্ঞতার কারণে ষোল বছরের মেয়ের বিয়ের আয়োজন করার বিষয়টি স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভ্রাম্যমাণ আদালত কনের বাবার মুচলেকা গ্রহণ করে এবং এক হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ঘটনার পরও বোয়ালমারী থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান চৌধুরীসহ কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে ঐদিন ওই বিয়ে সম্পন্ন হয়। সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বাল্য বিবাহ আইনগত নিষিদ্ধ ও অপরাধ। পুলিশের উপস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।