সৈয়দপুরে ট্রেন যাত্রীদের দুর্ভোগ

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:৪০
নীলসাগর এক্সপ্রেসে ঈদ স্পেশাল বগির সংযোগ বাতিল করায় বিপাকে পড়েছে সৈয়দপুর থেকে ঢাকাগামী এ অঞ্চলের শত শত যাত্রী। রেলওয়ে কর্তৃপক্ষ ঈদে অধিক যাত্রী পরিবহন করতে ৯২ সিটের একটি বগি নীলসাগর ট্রেনের সাথে যুক্ত করে। ঈদের পরের ১০ দিন পর্যন্ত বগিটি ট্রেনের সাথে যুক্ত থাকার কথা থাকলেও কর্তৃপক্ষ বিনা নোটিসে ঈদের চারদিন পর বগিটির সংযোগ বাতিল করে। ফলে ২ আগস্ট ঐ বগিটি নীলসাগর ট্রেনের সাথে সর্বশেষ যুক্ত হয়ে চলাচল করে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বগিটি ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী ট্রেনের সাথে সংযোজন করা হচ্ছে। কয়েকজন যাত্রী জানান, নীলসাগর এক্সপ্রেস আসন বাড়ানো হয়েছে তা জেনেই তারা টিকেট সংগ্রহ করতে এসেছেন। কিন্তু বগি কমিয়ে দেয়ায় টিকিট না পেয়ে তারা বিপাকে পড়েছেন। সৈয়দপুর রেলওয়ে মাষ্টার এমএ বাশার জানান, সোমবার থেকে বগিটির সংযোজন বাতিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই পূর্বে থেকে ঐ বগির জন্য টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে।