মংলায় গাজা সেবন নিয়ে বাক বিতণ্ডায় হূদয় নামের এক কিশোর খুন হয়েছে। সোমবার শহরের শেখ আঃ হাই সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার গভীর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। নিহতের মাথা ও শরীরের বিভিন্নস্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার গভীর রাতে শহরের শেখ আ: হাই সড়কের সুন্দরবন কুরিয়ার সার্ভিস গলিতে মাদক সেবনকারী কয়েক যুবক কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়ে হূদয়ের (১৬) মাথায় ইটের আঘাত লাগলে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয় । রাতেই ওই এলাকা থেকে মমরেজ তালুকদার (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শাহীন নামে অপর এক যুবককে আটক করা হয়। মংলা থানার উপ-পুলিশ পরিদর্শক মানজুর এলাহী জানান, আটক দু’যুবকের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। নিহত কিশোর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মৃত ফারুক ভাণ্ডারীর ছেলে। এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।
