নিহত ৫ শ্রমিক সমাধিস্থ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক দুর্ঘটনায় নিহত নওগাঁর পত্নীতলা উপজেলার ৫ শ্রমিকের গ্রামের বাড়ি বিরিঞ্চিতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার। নিহতদের বাড়ি বাড়ি কান্নার রোল।
গতকাল সোমবার দুপুরে নিহত ৫ শ্রমিকের লাশ গ্রামে ধর্মীয় রীতি অনুযায়ী সমাধিস্থ করা হয়েছে। লাশ সমাধিস্থ করার সময় নিহতদের পরিবার-পরিজন ও এলাকাবাসীর কান্নায় হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কাজের উদ্দেশে সবজি বোঝাই ট্রাকে চট্টগ্রাম যাওয়ার পথে গত শনিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকটি দুর্ঘটনায় পড়লে তারা নিহত হন। নিহতরা হলেন: বিরিঞ্চি গ্রামের উত্তম কুমার বর্মনের পুত্র রিপন বর্মন (১৮), মৃত কৃষ্ট পাহানের পুত্র সুশীল পাহান (৪০), ঘাওয়া উরাও-এর পুত্র সুশীল উরাও (২২), সানু উরাও-এর পুত্র ধনেশ উরাও (৩২), গনেশ উরাও-এর পুত্র স্বপন উরাও (২৫)। নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল বাসদের একটি প্রতিনিধিদল বিরিঞ্চি গ্রামে যান। বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০ হাজার টাকা প্রদানের দাবি জানান।
