আবৃত্তিমেলা থেকে প্রকাশিত হলো আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের একক আবৃত্তি অ্যালবাম ‘পাতা রং পৃথিবী’। গত রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এই অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নির্মলেন্দু গুণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী কাজী আরিফ, লায়লা আফরোজ, মো: আহকাম উল্লাহ, অভিনয় শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। আবৃত্তিশিল্পী আশরাফুল আলমের সভাপতিত্বে এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক রহিমা আখতার কল্পনা।
মোড়ক উন্মোচন পর্বশেষে প্রকাশিত অ্যালবাম ‘পাতা রং পৃথিবী’ থেকে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন শিল্পী মাহিদুল ইসলাম। মাহিদুল ইসলামের সুললিত কণ্ঠের শ্রুতিময়তা আর বাচনভঙ্গির উত্কর্ষতায় এ সময় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হল হয়ে উঠে কাব্যময়। প্রতিটি আবৃত্তির পরিবেশনা শেষে দর্শক শ্রোতাদের মুহুর্মুহু করতালীতে গোটা মিলনায়তনে সৃষ্টি হয় মুখর পরিবেশ। আবৃত্তিমেলা থেকে প্রকাশিত এই অ্যালবামটির কবিতাগুলো লিখেছেন কবি হুমায়ুন কবির।
