চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও নৌ-কন্টেইনার টার্মিনালে বেসরকারি জাহাজে করে পণ্য বোঝাই কন্টেইনার পুরোদমে পরিবহন শুরু করতে আরো ৬ মাস থেকে ১ বছর সময় লাগবে। তবে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি কোম্পানিগুলোর সময় ও সিডিউল মোতাবেক জাহাজ সংগ্রহের উপর তা নির্ভর করছে। ঢাকায় দেশের একমাত্র ও প্রথম নৌ-কন্টেইনার টার্মিনাল উদ্বোধনের পর ইতিমধ্যে ৮ মাস পার হয়ে গেলেও জাহাজ কেনা বা সংগ্রহ করতে না পারায় দেশের ৩২টি লাইসেন্সপ্রাপ্ত সংস্থার একটিও এখনো পর্যন্ত এই রুটে কন্টেইনার পরিবহন শুরু করতে পারেনি। তাদের জাহাজ সংগ্রহের প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ উঠেছে। এমনকি কোনো কোনো সংস্থার অনভিজ্ঞতা ও অদক্ষতার প্রশ্নও উঠেছে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংগৃহীত ৩টি জাহাজে গত ক’মাসে চট্টগ্রাম থেকে পানগাঁও টার্মিনালে প্রায় ৮০০ টিইইউস ২০ ফুট দীর্ঘ কন্টেইনার আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেইনার পরিবহন করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের একটি ঊর্ধ্বতন সূত্র ইত্তেফাককে জানায়, তাদের কেনা ৩টি জাহাজই অত্যাধুনিক, পিএন্ডআই করা এবং প্রথম শ্রেণীর ইন্স্যুরেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও নৌ-কন্টেইনার টার্মিনালে কন্টেইনার পরিবহনে সফল অপারেশনাল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকাস্থ ডিপার্টমেন্ট অব শিপিংয়ের চীফ ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম ইত্তেফাককে বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা তাদেরকে যে সিডিউল দিয়েছে তাতে তারা আশা করছেন আগামী বছরের জুন নাগাদ পাবলিক-প্রাইভেট সেক্টরের মোট ১১টি জাহাজ ঢাকা-পানগাঁও রুটে কন্টেইনার পরিবহনের জন্য আসবে। তার মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর কন্টেইনারবাহী জাহাজ আসবে ২টি, খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন ২টি, প্রাইভেট কোম্পানির জাহাজ আসবে ২টি, ওয়েস্টার্ন মেরিনের ডকইয়ার্ডে নির্মাণাধীন একটি বেসরকারি কোম্পানির ৪টি জাহাজের মধ্যে ২টি জাহাজ আসবে ২০১৫ সালের আগস্ট মাসে, অপর ২টি আসবে একই বছরের ডিসেম্বরে। এছাড়া এফএমসি’র ডকইয়ার্ডে ১টি জাহাজ, ঢাকার গজারিয়ায় থ্রী-এঙ্গেলস নামের একটি কোম্পানির ডকইয়ার্ডে আরো ২টি জাহাজ নির্মাণাধীন থাকার কথা জানা যায়। তবে এই ৩টি জাহাজ আসতে ১৮ মাস সময় লাগবে বলে সিডিউলে উল্লেখ করা হয়েছে। ফখরুল ইসলাম জানান, ডিপার্টমেন্ট অব শিপিং থেকে জাহাজ বানানোর জন্য যেসব স্পেসিফিকেশন বা নিয়মবিধি দেয়া হয়েছে তার অন্যথা ঘটলে কোনো জাহাজকে কন্টেইনার পরিবহনের অনুমতি দেয়া হবে না। তিনি জানান, পানগাঁও নৌ-কন্টেইনার টার্মিনালের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা ১ লাখ ৫০ হাজার টিইইউস। পানগাঁও টার্মিনাল আগামী ২ বছরের মধ্যে একটি ব্যস্ত নৌ-কন্টেইনার টার্মিনালে পরিণত হবে বলে তারা মনে করছেন। তবে তার মতে, নতুন এই বাণিজ্যিক খাতে বিনিয়োগে আসা সংস্থা ও ব্যবসায়ীরা নানামুখী প্রতিকূলতার মধ্যে আছেন। তার মধ্যে প্রতিদ্বন্দ্বী রেল ও স্থল-পরিবহন সেক্টর ছাড়াও আছে ব্যাংক লোন সংক্রান্ত জটিলতা। ব্যাংকের ১৭ শতাংশ হারের উচ্চ সুদের কারণে অনেক বিনিয়োগকারী জাহাজ তৈরি ও কেনার ক্ষেত্রে বড় অসুবিধায় আছেন। সুদের হার ৮ শতাংশ থেকে ১০ শতাংশ হলে বিনিয়োগে ব্যাপক গতি সৃষ্টি হতো বলে ব্যবসায়ীরাই জানাচ্ছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানাচ্ছে, ট্রেনে প্রতি ট্রিপে যেখানে মাত্র ৬০/৭০ টিইইউস কন্টেইনার পরিবহন করা হয় সেখানে প্রতিটি জাহাজ প্রতি ট্রিপেই ১২৪ টিইইউস কন্টেইনার পরিবহন করতে পারবে। চট্টগ্রাম থেকে ঢাকায় কন্টেইনার পৌঁছবে ২০ থেকে ২৪ ঘণ্টায়। পরিবহন খরচও পড়বে অনেক কম।
এদিকে সরকার নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পাদন করে যথাসময়ে জাহাজ সংগ্রহের প্রক্রিয়া এগিয়ে নিতে ব্যর্থ বলে চিহ্নিত লাইসেন্সপ্রাপ্ত ১২টি সংস্থার বিরুদ্ধে ৬ সদস্যের আন্ত:মন্ত্রণালয় কমিটির কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ডিপার্টমেন্ট অব শিপিং অফিস থেকে অভিযোগ করা হবে বলে জানান সেখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
