যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও গোলাবর্ষণ

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫৬
ইসরাইল একতরফা ভাবে সাত ঘন্টার অস্ত্রবিরতি ঘোষণার সাত মিনিট পার না হতেই বোমাবর্ষণ চালিয়েছে গাজায়। গতকালের হামলায় শিশুসহ মোট ১০ জন নিহত হয়েছে। এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, ইসরাইলের যুদ্ধবিরতি ঘোষণার পর তিনি একটি হোটেলে বসে এফ-১৬ জঙ্গি বিমান উড়ে যাবার শব্দ শুনেছেন। এর আগে ইসরাইল ‘মানবিক কারণে’ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় ৭ টা ) গাজার বেশিরভাগ এলাকায় একতরফাভাবে সাত ঘন্টার অস্ত্রবিরতি পালন শুরু করে। তবে হামাস বলেছে, তারা ইসরাইলের একতরফা অস্ত্রবিরতিতে রাজি নয়। একই সঙ্গে তারা গাজাবাসীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার হুঁশিয়ারি জানিয়েছে। ইসরাইলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গাজার বেশিরভাগ এলাকায় অস্ত্রবিরতি শুরু হলেও রাফাহ শহর এর আওতায় পড়বে না। এ শহরে অস্ত্রবিরতি কার্যকর হবে না। এখানে হামলা হলে ইসরাইলি সৈন্যরা তা প্রতিহত করবে। গাজা উপত্যকায় সোমবার ভোরে ইসরাইলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইল ও হামাসের মধ্যে গত চার সপ্তাহ ধরে চলা যুদ্ধে এ নিয়ে এক হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক। গাজার জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, সোমবার ভোর হতে না হতে ইসরাইলের হামলায় জাবালিয়ায় পাঁচজন, জিতুন ও শেখ রাদওয়ানে তিনজন এবং নুসিরাত ও রাফায় দু’জন নিহত হয়েছে। এদিকে ২৮ দিন ধরে গাজায় ইসরাইলি হামলায় নয় হাজারের বেশী মানুষ আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, গত ৮ জুলাই অভিযান শুরুর পর তারা গাজা উপত্যকায় চার হাজার ৬৮৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সময় গাজা থেকে ইসরাইল ভূখন্ড লক্ষ্য করে দুই হাজার ৫৬০টি রকেট ও মর্টার শেল ছুঁড়েছে হামাস। এসব হামলায় ইসরাইলের ৬৪ জন সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।