নেটওয়ার্ক সিকিউরিটি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান সাইবারোমের নেটওয়ার্ক সিকিউরিটি অপারেটিং সিস্টেম সাইবারোম ওএস-এর নতুন সংস্করণ অবমুক্ত হয়েছে। সাইবারোম নেক্সট জেনারেশন ফায়ারওয়াল এবং ইউটিএম অ্যাপ্লায়েন্সসহ সাইবারোমের সব ধরনের ইন্টিগ্রেটেড সিকিউরিটি সলিউশনের ভিত্তি হিসেবে কাজ করে থাকে এই অপারেটিং সিস্টেম। ১০.৬.১ সংস্করণের এই আপডেটে ৬০টিরও বেশি ফিচার নিয়ে কাজ করা হয়েছে যেগুলোতে নিরাপত্তা, সহজে ব্যবহারযোগ্যতা, উন্নততর নেটওয়ার্ক ভিজিবিলিটি, সাইবারোম ডায়নামিক ডিএনএস সার্ভিস, এপিআই সমর্থন, থার্ড-পার্টি সিস্টেমের সংযুক্তিকরণ প্রভৃতি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। নতুন এই সংস্করণে ক্ষুদ্র ও মাঝারি আকৃতির ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আইপিএস কনফিগারেশন অনেক সহজ করা হয়েছে। এ ছাড়া ভার্চুয়াল সিকিউরিটি ইকোসিস্টেমের মাধ্যমে ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মে সংযুক্তি, আইপিভি৬-এর প্রস্তুতি, বিভিন্ন মোবাইল ডিভাইসে নিরাপদে নেটওয়ার্ক বিস্তৃতি প্রভৃতি বিষয়ও যুক্ত করা হয়েছে আপডেটে। সাইবারোম ওএস-এর নতুন সংস্করণ সম্পর্কে সাইবারোমের প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অভিলাষ সোনওয়ানে বলেন, ‘নেটওয়ার্কের নিরাপত্তার বিষয়টিকে কতটা সহজ করা যায়, সেই চিন্তা মাথায় রেখেই এই আপডেটগুলো সংযোজন করা হয়েছে। আমাদের বিশ্বাস, নতুন এসব পরিবর্তন গ্রাহকদের আরও সহজে কাজ করার সুযোগ করে দেবে।’ সাইবারোম ওএস সম্পর্কে আরও জানতে ফোন করতে পারেন ০১৯১১৩১৬৮০০ নম্বরে।
