আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্ত করতে কাজের যে সমন্বয় ও নেতৃত্বের যে ঐক্য দরকার বিএনপির তা নেই। তাই এক্ষেত্রে রাজপথে আন্দোলনের চেয়ে আইনি লড়াই উত্তম। তবে তারা আন্দোলন করলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে আসন্ন ঈদ-উল-ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে করণীয় শীর্ষক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপির আন্দোলনের কথা মুখে শুনেছি, বাস্তবে দেখিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্ব দ্বিধাবিভক্ত (ডিভাইডেড)। কারণ দলটির মহাসচিব সংসদে যোগ না দেওয়ায় আসনটি শূন্য ঘোষিত হয়। তারা আবার ওই আসনেও মনোনয়নও দিয়েছে। সংসদে সংরক্ষিত আসনেও তারা মনোনয়ন দিয়েছে। ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে চিকিত্সকরা এক রকম কথা বলছেন, আবার বিএনপির নেতারা অন্য রকম কথা বলছেন। আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি করছে বিএনপি।
সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা: ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের সাতদিন এবং পরের পাঁচদিনসহ মোট ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা জনস্বার্থে মেনে চলবে বলে আমাকে জানিয়েছে। তিনি বলেন, ঈদের আগে তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে। ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ও পরে মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যেন যাত্রীবাহী বাস নিরাপদে চলাচল করতে পারে। ঈদ উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের রাত জেগে, এমনকি প্রয়োজনে ঈদের দিন সড়কে থেকে দায়িত্ব পালন করার আহ্বাান জানান তিনি।
‘জুনেই ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা’: নবম সংবাদপত্র ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়নে আগামী ১২ জুন স্টেক হোল্ডারদের সঙ্গে যৌথ সভা করবে সরকার। আর জুনের মধ্যেই রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, অনেক দিন হলো বিষয়টি ঝুলে রয়েছে। আমরা ঠিক করেছি, ঘোষণার আগে স্টেক হোল্ডারদের সঙ্গে যৌথ সভা করবো। সভাটি আগামী ১২ জুন বেলা ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘ওইদিন সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাবো এবং জুনের মধ্যে রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত আমাদের ঘোষণা পেশ করবো।’
গতকালের বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
১৫ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ডের
গেজেট প্রকাশের দাবি
১৫ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ ও ঈদের আগে বকেয়াসহ বেতন-বোনাস প্রদান করার দাবি জানিয়েছে ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে বক্তারা এ দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, দাবি মানা না হলে সাংবাদিকরা রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দিবেন। বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক আকতার হোসেন।
