প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বিশ্বকবির কাছারি বাড়ির পাশে ভবন নির্মাণ

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৩৯
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সদরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত কাছারি বাড়ি সংলগ্ন একটি বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিলেন উপজেলা প্রশাসক। প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িটির পাশেই সম্পূর্ণ বে-আইনি ভাবে শাহজাদপুরের কতিপয় সুতা ব্যবসায়ী এক প্রকার গায়ের জোরেই কাছারি বাড়ির কাষ্টোডিয়ানকে ভয়ভীতি দেখিয়ে এই ভবন নির্মাণ করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় সুতা ব্যবসায়ীরা। কাছারি বাড়ির দক্ষিণ পাশে স্থানীয় সুতা ব্যবসায়ীরা পুরাকীর্তির বিধি-বিধান না মেনে রবীন্দ্র কাছারি বাড়ির দক্ষিণ পাশে বহুতল বাণিজ্যিক ভবন (সুতা মার্কেট) নির্মাণ কাজ শুরু করার পর রবীন্দ্র কাছারি বাড়ির কাষ্টোডিয়ান মো. মুজিবুর রহমান বলেন, পুরাকীর্তি আইনে সংরক্ষিত পুরাকীর্তির সন্নিকটে কোন ভবন নির্মাণ, সৌন্দর্যহানি কিংবা কোন প্রকার ক্ষতি সাধন আইনত দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। গত সোমবার শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত হয়ে এই কাজ বন্ধ করে দেন। গত ২০০৪ সালে শাহজাদপুর উপজেলা ইয়ার্ন মার্সেন্ট অ্যাসোসিয়েশনের (সূতা ব্যবসায়ীর সংগঠন) ৬৫ সদস্য কাছারি বাড়ির দক্ষিণ পাশে ৬৫ শতাংশ জমি ক্রয় করে একতলা ভবন মার্কেট নির্মাণ করে। এখানে বহুতল ভবন নির্মাণ করা যাবে না- বিষয়টি তারা অবগত হয়। কৌশল অবলম্বন করে ২০০৬ সালে উক্ত ভবনের উপর দ্বিতীয় তলা মার্কেটের সম্প্রসারণ কাজ শুরু করে। প্রত্নতত্ত্ব বিভাগ ইতিপূর্বে কয়েকদফা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এর পরও তারা কৌশল অবলম্বন করে নির্মাণ কাজ চালিয়ে যায়। সম্প্রতি গত ৩০ মে ২০১৪ থেকে নতুন উদ্যমে কাজ শরু হয়। দিন-রাত অবিরাম কাজ করতে থাকে। প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার নোটিস প্রদান করলেও তারা সেটি অগ্রাহ্য করে কাজ চালু রাখে। এ ঘটনায় গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ সরকার থানা পুলিশ নিয়ে সরেজমিনে গিয়ে উপস্থিত হয়ে উক্ত কাজ বন্ধ করে দেন।