ইলিশের দেখা নেই মেঘনায়

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৪১
ভরা মৌসুমেও হাতিয়া উপকূলীয় মেঘনায় ইলিশের আকাল দেখা দিয়েছে। জ্যৈষ্ঠ থেকে ইলিশের মৌসুম শুরু হলেও আষাঢ়েও দেখা মিলছে না ইলিশের। ফলে নিঝুমদ্বীপ ও হাতিয়া উপকূলীয় মেঘনা এলাকায় হাজার হাজার জেলে বেকার হয়ে দিন কাটাচ্ছে। হাতিয়ার কাজির বাজার মাছ ঘাটের কয়েকজন জেলের কাছ থেকে জানা যায়, নদীতে ইলিশ কমে যাওয়ার প্রধান কারণ শিপিং ইয়ার্ড। পুরোনো জাহাজ কাটার ফলে শত শত মণ পোড়া তেল নদীর পানিতে মিশে পানি দূষিত করছে। দূষিত ও দুর্গন্ধযুক্ত পানিতে ইলিশ মাছ থাকে না। প্রবেশের পথে বাধা পেয়ে ইলিশ সাগরে চলে যায়। ইলিশ আকাল হওয়ার আরেকটি কারণ হচ্ছে জাটকা ও রেণু পোনা নিধন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলেরা এখন ছোট ছোট মাছ ধরার জন্য বেড়া জাল এবং বেহুন্দি জাল তৈরি করছে। একদিকে নদীতে আশানুরূপ মাছ জালে ধরা পড়ছে না। অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ,চাঁদাবাজি,নৌডাকাতদের আক্রমণ ও দাদনদাতাদের হয়রানি হাতিয়া দ্বীপের জেলেদের নিত্য সঙ্গী।