ভাঙ্গুড়া টেলিফোন এক্সচেঞ্জের সেবাবঞ্চিত ২শ’ গ্রাহক

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৪১
বিটিসিএল‘র উদাসীনতার কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা একক্সচেঞ্জের ২শ’ টেলিফোন গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, উপজেলা টেলিফোন এক্সচেঞ্জে ৫শ’ লাইন সংযোগ ক্যাপাসিটি থাকলেও বিটিসিএল’র দায়িত্বহীনতা ও অসহযোগিতার কারণে ইতিমধ্যে অর্ধেক গ্রাহক লাইন ব্যবহার বন্ধ করে দিয়েছে। বিটিসিএল এখানে তাদের ৩শ’ ৯৪টি সংযোগ রয়েছে বলে দাবি করেছে। তবে প্রকৃত সংযোগ আড়াইশর বেশি নয় বলে গ্রাহকরা জানিয়েছেন। ভাঙ্গুড়া এক্সচেঞ্জে কোন অপারেটর নেই। ফলে কোন গ্রাহকই যথাসময়ে তাদের অভিযোগ জানাতে পারে না। লাইনম্যান না থাকায় সংযোগের ত্রুটি সহজে সমাধান হয় না। এখানে একজন ওয়ার্কচার্জ থাকলেও তার একার পক্ষে দ্রুত গ্রাহক সেবা পৌঁছানো কোনভাবেই সম্ভব হয় না। এছাড়া মাঝে-মধ্যেই ডিবি পয়েন্ট থেকে সংযোগ লাইনে সমস্যা দেখা দেয় কিন্তু সাত দিনের আগে তা কখনোই ঠিক হয় না । ইদানিং বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিফোন লাইনও বন্ধ হয়ে যায়। প্রায়ই এনডব্লিউ কল বন্ধ থাকে। ফলে গ্রাহক ভোগান্তি দিন দিন বাড়ছে। সংশ্লিষ্ট প্রকৌশলী বা কর্মকর্তারা কখনো গ্রাহকদের অসুবিধা জানতে ফিল্ডে আসেন না বলে তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের । এছাড়া বিভাগীয় প্রকৌশলীগণ সেবার ব্যাপারে একেবারেই আন্তরিক নন। বরং নানা দুর্নীতিতে তারা আচ্ছন্ন বলে গ্রাহকরা জানান। এসব কারণে টেলিফোন গ্রাহকগণ বিটিসিএল’র সেবার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। ফলে প্রতিমাসেই কিছু গ্রাহক ড্রপ আউট হচ্ছে।