বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আটজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
জয়পুরহাটে যুবক খুন
জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকায় গত সোমবার রাত ৯টায় আরাফাত নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার জানান, পূর্ব শক্রতার জের ধরে আরাফাতকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পাঁচবিবি সীমান্তে গরু ব্যবসায়ী নিহত
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের ওপারে গতকাল মঙ্গলবার ভোরে রাজু আহাম্মেদ (২৭) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এলাকাবাসী জানায়, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশী গরু ব্যবসায়ীদের গরু দেয়ার জন্য ভারতের মথুরাপুরে ডেকে নিয়ে যায়। গরু নিয়ে আসার পথে ভারতের মথুরাপুর ক্যাম্পের কাছে কাঁটা তারের বেড়ার গেটের নিকটে বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিএসএফ সদস্যরা। এতে রাজু আহাম্মেদ ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গোয়েন্দা বিভাগের সদস্য (এফএস) আব্দুস সবুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
বেলকুচিতে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল মঙ্গলবার শাহ আলম কালু (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কেয়ারটেকার হিসাবে কাজ করত। নিহত শাহ আলম কালু বেলকুচি পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আয়নাল হকের ছেলে।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
রামগঞ্জে ডাকাত নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে গত সোমবার রাতে শেখের বাড়িতে ডাকাতিকালে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৪০) এক ডাকাত মারা গেছে। মো. লকিয়ত উল্লার বসতঘরে ৭/৮ জন মুখোশ পরিহিত ডাকাত ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংঙ্কার, একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এ সময় মো. লকিয়ত উল্লার ছেলে মাওলানা মো. নাছির আহমেদ এক ডাকাতকে জাপটে ধরে চিত্কার দিলে বাড়ি ও এলাকার লোকজন এসে পিটুনি দিলে ডাকাত মারা যায়।
রামগঞ্জ থানার এসআই সামছুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
ভালুকায় গৃহবধূ খুন
ময়মনসিংহের ভালুকা উপজেলার গাদুমিয়া গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে পারিবারিক কলহের জের ধরে লিপি আক্তার (২১) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন।
নিহতের বড় ভাই তফাজ্জল হোসেন জানান, আমার বোনকে স্বামীর বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করে আসছিল। ওরা আমার বোনকে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সালথায় আওয়ামী লীগ কর্মী খুন
ফরিদপুরের সালথায় দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের কোপে গত সোমবার সন্ধ্যায় বারেক শেখ (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। এ সময় আরো ৮ জন আহত হন। আহতদের মধ্যে ছরোয়ার মোল্লাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সামচুল হক পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গাইবান্ধায় গৃহবধূর লাশ উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রাম থেকে গত সোমবার রাত ১০টায় খাদিজা বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিয়ের পর থেকে খাদিজাকে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ী যৌতুকের জন্য নির্যাতন করতো। তিন উপোস থাকার পর খাদিজা সোমবার বিকালে ঘরে থাকা কেশ কালো করা ‘দুলহান’ পান করে অসুস্থ হয়ে পড়ে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
দাগনভূঞায় আওয়ামী লীগ কর্মীকে হত্যা
ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে গতকাল মঙ্গলবার দুপুরে কামাল উদ্দিন (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করেছে স্থানীয় যুব লীগ নেতা আবছার।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল বলেন, ঘটনার পর থেকে আবছার ও তার সহযোগীরা পলাতক।
