বাংলাদেশ-ভারত সীমান্তে কমলা সাগরে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৪৩
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ভারত সীমান্তের ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন সীমান্ত পিলার ২০৩৯ এম এর কাছে ভারতের কমলা সাগর গেস্ট হাউজে বাংলাদেশের বিজিবি কুমিল্লা সেক্টর ও ত্রিপুরার গোকুল নগর সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ গোকুল নগর সেক্টরের ব্যবস্থাপনায় সম্মেলনে বিজিবির পক্ষে উপ-মহাপরিচালক মোঃ জিল্লুল হক পিএসসি ও ভারতের পক্ষে বিএসএফ-এর গোকুল নগর সেক্টরের ডিআইজি শ্রী বি.এস তোলিয়া নেতৃত্ব দেন। এ সম্মেলনে বিএসএফ ও বিজিবির সেক্টর অধিনায়ক, স্টাফ অফিসারগণ অংশ নেন। সম্মেলন সম্পর্কে বিজিবির উপ-পরিচালক জিল্লুল হক পিএসসি সাংবাদিকদেরকে জানান, উক্ত সম্মেলনে দুদেশের সীমান্তের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আখাউড়া দিয়ে ভারত থেকে আসা কেমিক্যালের বর্জ্য পানি বন্ধে ভারতীয় খরচে উজানে এফলিয়েন্ট ট্রিটম্যান্ট প্লান্ট (ইটিপি) বসানো, ফেনির কহুয়া নদীতে বাঁধ নির্মাণের বিষয়টি প্রাধান্য পায়, তাছাড়া শান্তি সম্প্রীতি বজায় রাখা, প্রতিনিয়ত পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে সমস্যা দ্রুত সমাধান, সীমান্তে গুলি বর্ষণ, নির্যাতন হত্যা প্রতিরোধ,গাঁজা,মদ এবং প্রাণঘাতী মাদকদ্রব্য পাচার রোধে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।