আজমিরীগঞ্জে আসামির হামলায় পুলিশসহ আহত ৪
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির হামলায় তিন পুলিশ ও এক গ্রাম পুলিশ আহত হয়েছেন। সোমবার রসুলপুর গ্রামে আসামিদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহাদাত হোসেনকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলিশ কনস্টেবল হেলাল মিয়া (৫৭) ও আনিসুর রহমান (৩৩) এবং গ্রাম পুলিশ কামাল মিয়াকে (৪০) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর বখত চৌধুরী জানান, রসুলপুর গ্রামের সাত্তার হোসেনের দুই ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও আমির হোসেনের (২৮) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ফরিদপুরে ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ ফরিদপুর থানা পুলিশ সোমবার এলএসডি গোডাউন মোড় থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এসআই ফেরদৌস ও এএসআই জিল্লুর ও কয়েকজন পুলিশ সদস্য নিয়ে গোডাউন মোড়ে নছিমন ও করিমন তল্লাশীর সময় একটি বস্তা রেখে দু’জন যাত্রী দৌড়ে পালাতে থাকে। একজনকে দৌড়ে ধরা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়। ধৃত ব্যক্তির নাম মাহফুজ (৪৭)। সে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
উখিয়ায় ৫৮০০ পিস ইয়াবাসহ লবণ বোঝাই ট্রাক জব্দ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ মিয়ানমার থেকে চোরাই পথে আসা লবণ বোঝাই একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৫৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা। এসময় লবণের কোন বৈধতা না পাওয়ায় বিজিবি লবণ বোঝাই ট্রাকটি জব্দ করেছে। বিজিবির সুবেদার ফজলুল হক জানান, সোমবার রাতে ট্রাকে তল্লাশী চালানোর সময় ব্যবসায়ী, চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
স্বরূপকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডা. অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার; লক্ষ্য হবে সফল জীবন পাবার’—এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, মেডিক্যাল অফিসার ডা. নব কুমার সমদ্দার, স্বাস্থ্য পরিদর্শক ওমর ফারুক হান্নানূর রহমান, মো. আব্দুস সত্তার, মা মনি প্রকল্পের কো-অর্ডিনেটর মো. রহিদুল ইসলাম ও সিএইচসিপি মো. সগীর আহমেদ প্রমুখ।
হাতিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় ৬ জন অসুস্থ
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা \ হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের মেরাতল মিয়ার বাড়ির একই পরিবারের ৬ জন খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে সোমবার রাতে হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থরা হচ্ছে মেরাতল হক, মনোয়ারা, রাকিব হোসেন, নাছিমা আক্তার, সম্পদ, নাজিম। পরিবারের সদস্যরা রাতে কলমি শাক দিয়ে ভাত খাওয়ার কিছু সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তার দ্বারা চিকিত্সা দেয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে খেলোয়াড়দের জীবনযাত্রার মান উন্নয়নের বিকল্প নেই। গতকাল মঙ্গলবার দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে আমরা দিনাজপুরবাসী ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় দিনাজপুর জেলা দল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন।
ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামলার শিকার
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত নাছিমা আক্তার খান ছানাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটমোহরে ভূমিহীন সমাবেশ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরস্থ বেসরকারি সংগঠন এলডিও’র আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যতা বিমোচন প্রকল্প’র আওতায় গতকাল মঙ্গলবার উপজেলার হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ মাঠে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং ভূমিহীন নারী-পুরুষের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ্উপজেলার বিলকুড়ালিয়ার প্রায় ৪শ’ একর খাসজমির স্থায়ী বন্দোবস্ত প্রক্রিয়া শুরু হওয়ায় খাসজমির আন্দোলনরত ভূমিহীন নারী-পুরুষ এই সমাবেশের আয়োজন করে।
মেহেরপুরে বৃক্ষ মেলা উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
সেনবাগ বাজারে অগ্নিকাণ্ড
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া-ফকিরেরহাট বাজারে সোমবার গভীররাতে বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকাণ্ডে আবদুল মতিন স্টোর, মিলন ইলেকট্রিক, সুফল টেডার্স ও মাকু মিয়া টের্ডাস নামে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে আশপাশের আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে নগদ টাকাসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
মহম্মদপুরে বিশ্ব মাতৃদগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি
মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা \ মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার লক্ষ্য হবে সফল জীবন পাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা মহম্মদপুরে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা । জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্যোগে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতাল চত্বরে শেষ হয়।
মান্দায় বৃক্ষ মেলা উদ্বোধন
মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ মান্দা উপজেলায় গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. এমদাদুল হক মোল্লার সভাপতিত্বে বৃক্ষ মেলা উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রী মোহা. ইমাজ উদ্দীন প্রামাণিক। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স.ম জসিমুদ্দীিন, উপজেলা নির্বাহী অফিসার শাহানা আক্তার জাহান।
ফুলবাড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে নারী সমাবেশ
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দাদুল কমিউনিটি ক্লিনিক চত্বরে গ্রামীণ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এডিপি’র সার্বিক সহযোগিতায় দাদুল কমিউনিটি ক্লিনিক ও থ্রি-স্টার ক্লাবের উদ্যোগে চার শতাধিক গ্রামীণ নারীর সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য হবিবর রহমানের সভাপতিত্বে মায়ের বুকের দুধ পানে মা ও শিশুর উপকারিতা এবং মায়ের দুধে রোগ প্রতিরোধ ক্ষমতা শীর্ষক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ি প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।
ধামইরহাটে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল মিম্মা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ ধামইরহাটে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল মাদ্রাসার ছাত্রী মিম্মা। উপজেলার পশ্চিম রুপনারায়নপুর গ্রামের এবাইদুল ইসলামের কন্যা উত্তর চকরহমত দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার ফলপ্রার্থী সুরাইয়া আক্তার মিম্মা (১৩) এর সাথে একই উপজেলার ধুরইল গ্রামের জনৈক ব্যক্তির সাথে গতকাল মঙ্গলবার বিবাহ অনুষ্ঠিত হবার কথা ছিল। বিষয়টি জানতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন তাত্ক্ষণিক পুলিশ নিয়ে ওই বিবাহ বাড়িতে উপস্থিত হন। ইউএনও’র উপস্থিতি জানতে পেয়ে বাড়ির গৃহকর্তা মিম্মার বাবা ওবাইদুল পালিয়ে যায়।
আদিবাসী হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা\ দিনাজপুর নবাবগঞ্জের আদিবাসী ঘুটু সরেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফুলবাড়ি উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা আদিবাসীরা। গতকাল মঙ্গলবার ফুলবাড়ি-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ি পৌর শহরের নিমতলা মোড় নামক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান চুন্নু টুডু, সাবেক চেয়ারম্যান রামাই সরেন।
মাগুরার সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মাগুরা প্রতিনিধি\ মাগুরা নবাগত জেলা প্রশাসক মাহবুবর রহমান মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেক, এনডিসি নাকিব হাসান তরফদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম, সুমি আখতারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
তেরখাদায় ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
তেরখাদা (খুলনা) সংবাদদাতা\ ৫ আগস্ট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা।
পীরগঞ্জে আলোচনা সভা ও র্যালী
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ ‘মায়ের দুধ, ঘরের তৈরি খাবার লক্ষ্য হবে সফল জীবন পাবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সভা হয়। স্বাস্থ্য কমপ্লে¬ক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আফরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম নজমুল হুদা, ডা. আব্দুল হাকিম, আরিফুর রহমান, ধীরেন চন্দ্র বর্ম্মন, স্যানিটারী পরিদর্শক-গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক রাশেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সরওয়ার জাহান প্রমুখ।
তালায় দেশীয় প্রজাতির বীজ মেলা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে দেশীয় প্রজাতির বীজ মেলা ও কৃষক জমায়েত অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা মিজরিওর অর্থায়নে, উত্তরণের সহযোগিতায় এবং কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে এশিয়া প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
যৌন নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জেলার গোমস্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ সদস্য আদিবাসী নারীকে মারধর ও যৌন নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসীরা। শহরের শহীদ সাটু হল মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে আদিবাসীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্ববৃন্দ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সোমবার গোমস্তাপুরে জিনারপুরে কৃষি জমিতে কাজ করার সময় আদিবাসী নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ জালিয়াত চক্র মারধর করে এবং যৌন নির্যাতন চালায়।
মেঘনার ভাঙ্গন রোধে প্রকল্প অনুমোদন
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করতে ১৯৮ কোটি ২ লাখ টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হয়েছে। এ খবরে জেলার রামগতি ও কমলনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে (একনেক) সভায় এ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
ঘিওরে মতবিনিময় সভা
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ঘিওর উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ঘিওর উপজেলার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাশিদা ফেরদৌস জেলা প্রশাসক মানিকগঞ্জ, বিশেষ অতিথি ডাঃ পৃথ্বিশ কুমার দত্ত, থানা স্বাস্থ্য কর্মকর্তা ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্স, আব্দুল খালেক সভাপতি বাংলাদেশ আ’লীগ ঘিওর, খন্দকার লিয়াকত হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ।
সদরপুর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়ন পত্র দাখিল
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে যে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলো: জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুর রহিম ও রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী ছেকের আলী, বিএনপি সমর্থিত প্রার্থী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন মুসা, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম রবি ও নিয়ামত আলী লালু মাষ্টার ও বিএনপি নেতা রমজান আলী সাহেব।
বিরামপুরে ড্রেন নির্মাণ শুরু
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ১ কোটি ৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে বিরামপুর পৌরসভার ৫শ’ ৫২ মিটার আরসিসি কভার ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ড্রেন নির্মাণ কাজের সূচনা করেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
ঘোড়াঘাটে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো, তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন, কৃষিবিদ বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু তসলিম ও প্রমুখ।
কাহারোলে ৫ জুয়াড়ির সশ্রম কারাদণ্ড
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা \ সোমবার কাহারোল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের গড়েয়া হাট দোকান হতে ঝটিকা অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের মোস্তফার পুত্র জুয়েল ইসলাম, মুকুন্দপুর গ্রামের আঃ রৌফের পুত্র মোঃ কাফি,মালগ্রামের অনাথ চন্দ্র দাসের পুত্র জোতি রঞ্জন দাস, ভাতগাঁ গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ রিয়াজুল, মুকুন্দপুর গ্রামের শাজাহানের পুত্র মোঃ লিটনকে গ্রেপ্তার করে। মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কালীগঞ্জে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে দক্ষিণ রাজনগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক শিক্ষার্থী । উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর রাজনগর গ্রামের মো. হানিফ মিয়ার নাবালিকা কন্যা সুবর্ণা আক্তার (১৪) গাজীপুর সদরের বাসন এলাকার মোতালিব মিয়ার সাথে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় প্রশাসন খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করে ।
দৌলতপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে আলোচনা
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ ‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার, লক্ষ্য হোক সফল জীবন পাবার’ এ শ্লোগানে কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি দৌলতপুর থানা বাজার প্রদক্ষিণ করে। এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন।
রামগঞ্জে পাঁচটি দোকান ভস্মীভূত
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলায় ১ নম্বর কাঞ্চনপুর ইউপি চৌধুরী বাজারে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত হয়। এতে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। মঙ্গলবার চৌধুরী বাজার মেসার্স রাশেদ হোটেলের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে রাসেল হোটেল, দেলোয়ার বেডিং ষ্টোর, হাসেম ডেকোরেটর, তিতু পল্ট্রিফার্ম ও তিতুর চায়ের দোকনসহ ৫টি দোকান ভস্মীভূত হয়।
মৌলভীবাজার প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। প্রেসক্লাবের সভাপতি এমএ সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম।
কালিয়াকৈরে বিএনপির ঈদ পুনর্মিলনী
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লীবিদ্যুত্ এলাকার রতন দেওয়ান কমপ্লেক্সে পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মোঃ নূরুল ইসলাম সিকদার, মোঃ আক্তার উজ-জামান, মোঃ আফাজ উদ্দিন, মহসিন কমিশনার, রেজভী আহম্মদ দুলাল, জুয়েল সরকার, আমজাদ হোসেন, মোঃ মামুন মিয়া প্রমুখ।
