মাত্র এক মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের তিন গ্রামের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ-পালা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে চান্দুপাড়া, চর-চান্দুপাড়া ও মুন্সিপাড়া গ্রামের উপর দিয়ে বয়ে যায় টর্নেডোটি। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকার মেম্বার আবুল বাশার জানান, রাতে যখন তিন গ্রামের মানুষ গভীর ঘুমে, তখন রামনাবাদ নদীর মোহনা থেকে (পূর্ব-দক্ষিণ কোণ) ধেয়ে আসা প্রায় এক মিনিটেরও কম সময় স্থায়ী টর্নেডোটি মুহূর্তে সকল কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান মীর তারিকুজ্জামান (তারা) জানান, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত তিন গ্রামের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ইউনিয়ন পরিষদের মেম্বারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
