হাইকোর্টের নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড খুলে নিল সন্ত্রাসীরা

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৫১
মঠবাড়িয়ায় খাল ভরাট পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বাজারে একটি খাল ভরাটের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা বলবতের ইউএনও’র আদেশ সম্বলিত একটি সাইনবোর্ড প্রকাশ্য দিবালোকে একদল সশস্ত্র সন্ত্রাসী খুলে নিয়ে তা হাওয়া করে দিয়েছে। ঘটনাটি দুইদিন আগের হলেও সোমবার স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা এ ব্যাপারে থানায় জিডি করেছেন। পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী এ ঘটনার কথা স্বীকার করেছেন। জানা গেছে, স্থানীয় একটি স্বার্থান্বেষী চক্র উপজেলা সদরের প্রভাবশালী মহল ও উপজেলা ভূমি অফিসের যোগসাজশে উক্ত বাজারের খেজুরবাড়িয়া মৌজাভুক্ত একটি সরকারি খাল ভরাট করে সেখানে প্রায় এক একর জায়গা দখলের পাঁয়তারা চালাচ্ছে। প্রায় এক মাস আগে চারটি মিনি ড্রেজার দিয়ে সরকারি দাগভুক্ত একটি খাল বালু ফেলে সবার চোখের সামনে ভরাট করে। এই খাল ভরাটের বিরুদ্ধে স্থানীয় মোজাম্মেল হক প্রথমে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। পরে মহামান্য হাইকোর্টে রিট আবেদন করলে গত ১৫ জুন এই খাল ভরাটের বিরুদ্ধে রুলনিশি জারি করা হয়। হাইকোর্টের নির্দেশে মঠবাড়িয়ার ইউএনও আহসান হাবীব গত ৩১ জুলাই ভরাটকৃত খালের মধ্যে যাতে কেউ অবৈধ ঘর নির্মাণ করতে না পারে তার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি সম্বলিত একটি সাইনবোর্ড টানান। এরপর ইউএনও বিদেশে প্রশিক্ষণের জন্য ছুটিতে গেলে হাইকোর্টের মামলা ও নিষেধাজ্ঞা উল্লেখ পূর্বক টানানো সাইনবোর্ডটি গত ২ আগস্ট বিকালে স্থানীয় এবং মঠবাড়িয়া থেকে আগত দেশীয় অস্ত্রশস্ত্রধারী একদল যুবক খুলে ফেলে। পরে তারা সাইনবোর্ডটি নিয়ে চলে যায়। উক্ত ভরাটকৃত খালের প্রকৃতি পরিবর্তন করে তা ভূমি বানিয়ে একসনা বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত নেয়া বা দেয়ার জন্য ঐ চক্রটি নানা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে জানা গেছে।