কোচ লুই ফন গলের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ প্রীতি টুর্নামেন্টের শিরোপা জয়ের মধ্য দিয়ে প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফর শেষ করলো।
ম্যানচেস্টার ইউনাইটেড গত সোমবার রাতে ফ্লোরিডার সান লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে প্রথমে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ওয়েইন রুনি, হুয়ান মাতা এবং জেসি লিনগার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
স্টিভেন জেরার্ডের স্পট কিকে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল লিভারপুল। এই নিয়ে যুক্তরাষ্ট্র সফরে ইউনাইটেড পেনাল্টি থেকে তৃতীয় গোল হজম করলো। এনএফএল-এর দল মায়ামি ডলফিন্সের মাঠ সান লাইফ স্টেডিয়ামে ৫১ হাজার দর্শকের উপস্থিতিতে খেলাটি যেন হয়ে উঠেছিল লিভারপুল ও ইউনাইটেডের ঘরোয়া ম্যাচ। উভয় দলের সমর্থকদের উপচে পড়া ভিড়ই এর প্রমাণ। এর মধ্য দিয়ে উভয় দলই প্রাক মৌসুম সফরটা বেশ ভালভাবেই উপভোগ করলো। যদিও কোচ ব্রেন্ডন রজার্সের লিভারপুলের তুলনায় এ খেলাটিতে ইউনাইটেডকে কিছুটা ম্লান মনে হয়েছে। দ্বিতীয়ার্ধে অবশ্য ফন গলের শিষ্যরা নিজেদের ছন্দ ফিরে পায়। ফলে নতুন কোচের অধীনে তারা পাঁচ ম্যাচের সব কটিতেই জয় নিয়ে দেশে ফিরলো।
ডাচ ফন গল বরখাস্ত হওয়া কোচ ডেভিড ময়েসের স্থলাভিষিক্ত হয়ে প্রথম দায়িত্ব হিসেবেই ইউনাইটেডকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান। বিশ্বকাপে নেদারল্যান্ডকে তৃতীয় স্থান পাইয়ে দেয়া এই কোচের অধীনে ১৬ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে সোয়ানসি সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করতে যাচ্ছেন।
এ সম্পর্কে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থকদের জন্য এটা দারুণ একটি ম্যাচ ছিল। লিভারপুলকে হারাতে পারায় সেটা দেশের সমর্থকদের জন্যও আনন্দের বিষয়। আমি মনে করি, সমর্থকদের আনন্দ দিতে পারাটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রাক মৌসুম অনুশীলনে হারের পরিবর্তে জেতাটা আত্মবিশ্বাস বাড়ায়; কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচটি। তাতে আমাদের জেতাটা বেশি জরুরি।
রুনি যুক্তরাষ্ট্র সফরে প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন। ১৪ মিনিটে জেরার্ডের গোলে পিছিয়ে পড়ার পর রুনি ৫৫ মিনিটে দলকে সমতায় ফেরান। দুই মিনিট পর নতুন রিক্রুট লুক শর পাস থেকে নিচু শটে হুয়ান মাতা ইউনাইটেডকে এগিয়ে দেন। অ্যাশলে ইয়ংয়ের পাস থেকে লিনগার্ড ৮৮ মিনিটে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে রুনি বলেছেন, প্রাক মৌসুম আমরা কঠোর পরিশ্রম করেছি। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। -বাসস
