দুইবারের মেক্সিকান চ্যাম্পিয়ন লিঁও ছেড়ে সিরি-আ ক্লাব ভেরোনাতে যোগ দিয়েছেন মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মারকুয়েজ। বিশ্বকাপের শেষ ১৬’র লড়াইয়ে শেষ মুহূর্তে ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডারের ফাউলে ডাচ উইঙ্গার আরিয়েন রবেনের পক্ষে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারী। স্পট কিক থেকে ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেদারল্যান্ড, আর বিদায় ঘটে মেক্সিকোর। নিউইয়র্ক রেড বুলসের হয়ে সংক্ষিপ্ত ক্যারিয়ার কাটানোর পরে ২০১২ সালের ডিসেম্বরে লিঁওতে যোগ দিয়েছিলেন মারকুয়েজ। নিজেদের টুইটার এ্যাকাউন্টে লিঁও এ সম্পর্কে লিখেছে, রাফায়েল মারকুয়েজ সিরি-আ ক্লাব ভেরোনাতে যোগ দিয়েছে। ক্যারিয়ারে তার এই নতুন অধ্যায়ের প্রতি আমাদের অনেক শুভ কামনা থাকলো। চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করে ১৬টি ম্যাচ খেলে দেশের পক্ষে দারুণ এক রেকর্ড গড়েছেন মারকুয়েজ। মোনাকোর হয়ে ২০০০ সালে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা জয় করা ছাড়াও মারকুয়েজের ক্যারিয়ারে রয়েছে বার্সেলোনার হয়ে চারটি লা লিগা শিরোপা। ২০০৫-২০১০ সাল পর্যন্ত তিনি বার্সেলোনায় কাটিয়েছেন। একইসাথে কাতালানদের হয়ে দুটি চ্যাম্পিয়নস লীগের শিরোপাও জিতেছেন।
