এরশাদ ভারতে যাচ্ছেন শনিবার

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২২:০৮
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ আগামী ৯ আগস্ট শনিবার ভারত সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে যাচ্ছেন পুত্র এরিক ও ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার। এর আগে গত ২০ জুলাই ভারত যাওয়ার কথা থাকলেও ওইদিন ‘আকষ্মিক অসুস্থতা’র কারণে এরশাদ তা বাতিল করেন। ওই সফরে এরশাদের সঙ্গে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুরও যাওয়ার কথা ছিল। তবে এবার সফরসঙ্গী হিসেবে বাবলু থাকছেন না। মেজর খালেদ ইত্তেফাককে জানান, এরিককে ভারতের একটি স্কুলে ভর্তি করাতে এবং নিজের চিকিত্সার জন্য এরশাদ এই সফরে যাচ্ছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা। এরশাদের পিএস জানান, পূর্ণমন্ত্রীর মর্যাদায় বিশেষ দূত হওয়ায় বিদেশ সফরের বিষয়ে এরশাদ প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করে অনুমতি নিয়েছেন। একইসঙ্গে সংসদ সদস্য হিসেবে এরশাদ সংসদের স্পিকারকেও দেশের বাইরে অবস্থান করার বিষয়ে অবহিত করেন। জানা গেছে, ভারতের শান্তি নিকেতনে এরিককে ভর্তি করাতে চাচ্ছেন এরশাদ। এর পাশাপাশি ব্যক্তিগত দু্’একটি কারণেও তিনি এই সফরে যাচ্ছেন।