চুয়াডাঙ্গায় ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে গত ১৮ ঘণ্টায় মোট ২০৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে হাসপাতালে ভর্তি মোট ডায়রিয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৪ জন। জেলা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
এদিকে গতকাল মঙ্গলবার দিনভর চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে পাইপ লাইন ও নলকূপের পানি ফুটিয়ে খাওয়ার জন্য শহরের সর্বত্র মাইকিং করা হয়েছে। স্থানীয় ৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি মেডিক্যাল টিম ভোর থেকেই হাসপাতাল প্রাঙ্গণে বেশ কয়েকটি তাঁবু গেড়ে রোগীদের চিকিত্সা প্রদান করছে।
