প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক সদস্যসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় দুদকের উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক সদস্য ইকরামুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূরুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোল্লা নওশের আলী ও সাবেক উচ্চমান সহকারী হেদায়েতুল ইসলাম।
দুদক সূত্র জানায়, ১৯৯৭ সালের ২৫ জুন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মো. ওমর ফারুক খান মুকুলের নামে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ৬ নম্বর রোডে ১ দশমিক ৭৫ কাঠা আয়তনের এক নম্বর প্লটটি বরাদ্দ দেয়। ওমর ফারুক প্লটটির সমুদয় ইজারা মূল্য পরিশোধ করেন। ওমর ফারুকের নামে প্লটটির বরাদ্দ বহাল থাকার পরও অভিযুক্তরা মিথ্যা তথ্য দিয়ে প্লটটি অবরাদ্দকৃত অবস্থায় রয়েছে বলে কর্তৃপক্ষকে জানান। ওই প্লটের নতুন একটি নথি খুলে পরবর্তী সময়ে তা মোহাম্মদ আলী সরকারের নামে বরাদ্দ দেয়া হয়। ২০০৩ সালের ১০ জুন হতে ২০১১ সালের ২২ জুন পর্যন্ত তারা এ অবৈধ কাজ করেছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। তাই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়।
