আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরার নিলক্ষারচরের বীরগাঁও গ্রামে আবারও টেঁটাযুদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় মহাজন বাড়ী ও সরকার বাড়ীর মধ্যে সংঘটিত এই সংঘর্ষে প্রতিপক্ষের টেঁটার আঘাতে ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমবেশী ২০ জন। তাদের নরসিংদীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই সংঘর্ষের সময় বহু বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজে গোটা চর এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা থানা এবং নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, মহাজন বাড়ীর নাসু মিয়া ও সরকার বাড়ীর আমির হোসেন মাস্টারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইতিপূর্বেও দুই পক্ষের মধ্যে কয়েকদফা টেঁটাযুদ্ধ হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
