লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ-ছাত্রশিবির তুমুল সংঘর্ষ

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২২:৪৭
সোমবার রাত ৯টায় রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারের যুবলীগ ও ছাত্রশিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষ এবং এসময় ২০টি দোকান ভাংচুর ও কয়েকটি দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ব্যবসায়ীরা আতংকিত হয়ে দোকানপাট বন্ধ করে চলে যায়। পুলিশ পরিস্থিতি শান্ত করে। এলাকাবাসী জানান, সোমবার বিকালে ছাত্রশিবির ক্যাডারদের গ্রেপ্তারের দাবিতে শহরের রায়পুর-চাঁদপুর সড়কের ট্রাফিক মোড়ে প্রায় ২ ঘন্টা ধরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগের ২ শতাধিক নেতাকর্মী। এর জের ধরে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এশার নামাজের পর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা যুবলীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। যুবলীগের নেতাকর্মীরা মিছিলটিকে বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হয়। ১৫/২০ জন যুবক হায়দরগঞ্জ বাজারে ২০টি দোকান ভাংচুরসহ কয়েকটি দোকানের মালামাল লুট করে। হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হায়দরগঞ্জ শিবিরের সার্থী শাখার সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, কোন কারণ ছাড়াই যুবলীগ নেতা কৌশিক আহমেদ সোহেলের নেতৃত্বে বাজারের ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর ও মালামাল লুট করে যুবলীগের নেতাকর্মীরা।