আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। একাদশ নির্বাচন ২০১৯ সালের একদিন আগেও হবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে। এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, খালেদা জিয়া ও তার দল বিএনপি রাজনৈতিক কৌশলে পরাজিত হয়েছে। গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছে।
শহীদ শেখ কামালের স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ কামাল হলেন তারুণ্যের প্রতীক। বর্তমান সময়ে তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল হতে পারেন। নতুন প্রজন্মকে শেখ কামালের জীবন থেকে শিক্ষা নিতে হবে। রাজনৈতিক কর্মীর মতো শেখ কামাল মাঠে থাকতেন। সে সময়ে তরুণদের কথা চিন্তা করেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি আবাহনী ক্রীড়া চক্র গড়ে তুলেছিলেন। শেখ কামালকে সত্যিকারের স্মরণ করতে হলে সুসময়ে নয়, দুঃসময়ে শেখ হাসিনার পাশে থাকতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, পঙ্কজ দেবনাথ এমপি, রআম উবায়দুল মোক্তাদির এমপি, রফিকুল ইসলাম লিটন, দেবাশীষ বিশ্বাস, ফরিদুর রহমান ইরান প্রমুখ।
এদিকে গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৪’ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্ধারিত সময় পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো চালু থাকলে শিশু উচ্চমানের শক্তি ও আমিষ পায়। তাই এ ব্যাপারে ব্যাপক জনসচেতনা সৃষ্টি করতে হবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এসকে রায়, আইপিএইচএন’র পরিচালক ডা. শাহ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাতৃদুগ্ধ সপ্তাহের আজ উদ্বোধন
‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার; লক্ষ্য হবে সফল জীবন পাবার’—এই প্রতিপাদ্য সামনে রেখে বরাবরের মতো এবারও ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া সকাল আটটায় শাহবাগ থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হবে। প্রত্যেক জেলা-উপজেলায় সপ্তাহটি পালন করতে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৪ উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
