চীনের সরকারি বিভিন্ন স্তরে ব্যবহারের জন্য অনুমোদিত প্রযুক্তি পণ্যের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে টেক জায়ান্ট অ্যাপলের দশটি মডেলের পণ্য। আইপ্যাড, আইপ্যাড মিনি থেকে শুরু করে এই তালিকায় রয়েছে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রোর কয়েকটি মডেল। চীনের সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা বিষয়ক সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) তাদের গত জুলাই মাসের তালিকা থেকেই অ্যাপলের এই পণ্যগুলোকে বাদ দিয়েছে। যদিও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লুমবার্গ জানাচ্ছে, এনডিআরসি’র জুন মাসের তালিকাতেও এই পণ্যগুলো সংযোজিত ছিল। মূলত নিরাপত্তা বিষয়ক শঙ্কা থেকেই এসব পণ্য বাদ পড়েছে বলে জানা গেছে চীন সরকারের বিভিন্ন সূত্র থেকে। চীনের সরকারি দলের বিভিন্ন বিভাগ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ স্থানীয় সরকারের ওপরেও অ্যাপলের এসব পণ্য ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল থাকবে। চীন সরকারের এসব উদ্যোগের মূলে রয়েছে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় তথ্য পাচারের শঙ্কা। যুক্তরাষ্ট্রের সাথে চীন সরকারের সম্পর্কও প্রভাবিত করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি পণ্য ও সেবা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে। গত বেশ কিছুদিন থেকেই যুক্তরাষ্ট্র এবং চীন একে অন্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্য হাতিয়ে নেওয়া এবং সাইবার আক্রমণের অভিযোগ করে আসছে। এর মধ্যে গত জুলাই মাসে চীনের রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশন স্টেশন এক প্রতিবেদনে জানায়, অ্যাপলের আইফোন গ্রাহকদের অবস্থানের তথ্য সংগ্রহ করে থাকে যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার পরিপন্থী। অ্যাপলের পণ্য বর্জনে এই প্রতিবেদনের ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এর মধ্যে গত রবিবার চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা পিপলস ডেইলি জানিয়েছে, সরকারের প্রকিউরমেন্ট বিভাগের অনুমোদিত নিরাপত্তা সফটওয়্যারের তালিকা থেকে সিম্যান্টেক এবং ক্যাসপারস্কিকে বাদ দেওয়া হয়েছে।
