মাদক বিরোধী অভিযান জোরদার করেছে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ অভিযানে তাদের বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
জানা যায়, গত জুলাই মাসে ভারত সীমান্তবর্তী কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে সর্বমোট ৩২২টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাইপথে আসা ভারতীয় হুইস্কি, গাঁজা, ফেনসিডিল, বিয়ার, স্কার্প সিরাপ, কোরেক্স সিরাপ, আইকন সিরাপ, বাংলা মদ, টোনাজেসিক ইনজেকশন, যৌন উত্তেজক টার্গেট ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটসহ প্রায় ১ কোটি সাড়ে ৯ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়। এ সময় আটক করা হয় ১০ জন মাদক পাচারকারীকে। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, ডগ স্কোয়াডের প্রশিক্ষিত কুকুরগুলো গোপন স্থানে লুকিয়ে রাখা মাদকদ্রব্য খুঁজে বের করা এবং মাদকদ্রব্য বহনকারীকে সনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স দেখিয়ে বিজিবি দায়িত্ব পালন করছে এবং এক্ষেত্রে ডগ স্কোয়াড মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে যথেষ্ট সফলতা এনেছে বলে তিনি জানান।
এছাড়া সাম্প্রতিক সময়ে সীমান্তে মাদক পাচারে বিভিন্ন বয়সী নারীরা অধিকমাত্রায় সক্রিয় হয়ে পড়েছে উল্লেখ করে তিনি মাদক পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকল মহলকে এগিয়ে এসে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
