চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নগরীর শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী (৩২) অন্য এক সন্ত্রাসীর হাতে খুন হয়েছে। জানা যায়, গত বুধবার রাতে কারাগারের ৩২ নং ভবনের একই সেলে থাকা অমিত মুহুরীর সঙ্গে রিপন নাথের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন নাথ ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করলে মারাত্মক আহতাবস্থায় অমিত মুহুরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১টা নাগাদ অমিত মুহুরী মারা যায়। এসময় হাসপাতালে অমিত মুহুরীর বিপুলসংখ্যক সমর্থক ভাঙচুর চালায়। অবশ্য পরে তারা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
জেলার নাসির আহমেদ জানান, অমিত মুহুরীকে ইট দিয়ে আঘাত করা হয়, কিন্তু জেলে ইট কীভাবে গেল সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নং সেল ভবনের ৬নং কক্ষে অমিত মুহুরী, রিপন নাথ ও বেলাল নামে ৩ জন আসামি ছিল। এদের মধ্যে অমিত মুহুরীর বিরুদ্ধে ৫টি হত্যা ও অস্ত্র মামলাসহ ১৭টি মামলা ছিল।
এছাড়া রিপন নাথ অস্ত্রসহ দুটি মামলার আসামি হিসেবে গত এপ্রিল থেকে কারাগারে রয়েছে। ঐ সেলে থাকা বেলালের বিরুদ্ধেও হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। সে ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছে। সূত্র জানায়, কারাগারে থাকা অবস্থায় আধিপত্য নিয়ে প্রায়শই তাদের মধ্যে ঝগড়া হতো।
