শীত সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনে কোরিয়ার সাথে কাজ করছে ব্রি

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:৩৬
শীত সহনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে কোরিয়ার সহায়তায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) গবেষণা কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে দুই দেশের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় দেশে বিশেষ করে উত্তরাঞ্চলে চাষাবাদের উপযোগী তীব্র শীত সহনশীল ধানের জাত উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধাসহ বেশক’টি যন্ত্র উন্নয়নের কাজ চলছে। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে রাইস মিল, হস্তচালিত বাহক যন্ত্র, বীজ বপন যন্ত্র ও শস্য কাটার যন্ত্র। ব্রির খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি (এফএমপিএইচটি) বিভাগে একটি আধুনিক গবেষণা ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার ব্রি’র এফএমপিএইচটি বিভাগের প্রশিক্ষণ কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (প্রশাসন) ড. মো. শাহজাহান কবীর, ব্রির এফএমপিএইচটি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. দুররুল হুদা, কোরিয়ার কিয়ুংপুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুয়াং প্রমুখ। সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকরা জানান, বাংলাদেশের উত্তরাঞ্চলে কেবল শীতজনিত কারণে ৯০ শতাংশ ধানের চারা মারা যায়। এতে প্রায় দুই মিলিয়ন হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ইতিপূর্বে শীত সহিষ্ণু ব্রি দুইটি জাত (ব্রি ৩৬ ও ব্রি-৫৫) উদ্ভাবন করলেও জেনেটিক্যালি শীত সহিষ্ণু কোন জাত ব্রি’র নেই। জেনেটিক্যালি এ জাত উদ্ভাবন করতে আরো দুই বছর সময় লাগবে।