জঙ্গি হামলার পর ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের ৪০টি শিশুর মৃত্যুর খবর নিয়ে মঙ্গলবার ‘চরম উদ্বেগ’ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। ইউনিসেফ বলেছে, প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় শিশুগুলো ‘সহিংসতা, স্থানচ্যুতি এবং পানি শূন্যতার সরাসরি ফলাফল’ হিসেবে গত দুই দিনে মারা গেছে।
ইসলামী চরমপন্থি সংগঠন ইসলামি স্টেট গত রবিবার সিনজার শহর আক্রমনণ করলে কয়েক হাজার ইয়াজিদি পাহাড়ে পালিয়ে যায়। ইয়াজিদিরা একটি প্রাচীন বিশ্বাস অনুসরণ করে থাকে জঙ্গিরা যেটাকে শয়তানের পূজা বলে দোষারোপ করে। ইউনিসেফ বলেছে, যেসব পরিবারগুলো পালিয়ে গেছে তাদের জরুরি সহায়তা প্রয়োজন। প্রায় ২৫ হাজার শিশুসহ যারা এখন সিনজারের পার্শ্ববর্তী পাহাড়-গুলোতে আছে তাদের পানীয় জল এবং পয়ঃনিষ্কাশনসহ মানবিক সহায়তার অত্যন্ত জরুরি দরকার।
ইন্টারনেটে পোস্ট করা কিছু ছবিতে সিনজার পর্বতে একটি গিরিখাতের পাশে অল্প কিছু দলবদ্ধ মানুষকে জড়ো হতে দেখা গেছে। ইয়াজিদি সমপ্রদায়ের মুখপাত্র জাওহার আলী বেগ সোমবার বলেন, সিনজার দখলের পর ইসলামিক স্টেট তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া, কর দেয়া অথবা মৃত্যুর মুখোমুখি হওয়ার একটি আলটিমেটাম দিয়েছিল।
