জমি সংক্রান্ত কাজে হয়রানি দূর হোক

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:০৭
জমির নামজারির জন্য সরকার নির্ধারিত খরচ সর্বোচ্চ দুই শ পঞ্চাশ টাকা। কিন্তু ক্ষেত্রবিশেষে পাঁচ হাজার থেকে শুরু করে পনেরো লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এর সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে বিদেশে সম্পাদিত আম-মোক্তারনামায় জেলা প্রশাসকের দপ্তর থেকে আঠালো স্ট্যাম্প লাগানোর কার্যক্রমের ক্ষেত্রে সরকারের নতুন আইনের দুর্বলতা। আর এরই সুযোগ নেওয়া হচ্ছে। অথচ অর্পিত, পরিত্যক্ত, খাস, অধিগ্রহণকৃত ও কোর্ট অব ওয়ার্ডস-এর তালিকাভুক্ত সম্পত্তির একটি তালিকা জেলা প্রশাসকের দপ্তর সংরক্ষণ করলে তাত্ক্ষণিকভাবে ঐ তালিকা পরীক্ষা করে জানা যাবে যে, কোনো সম্পত্তিতে সরকারি স্বার্থ আছে কিনা? সরকারি স্বার্থ না থাকলে দ্রুততম সময়ের মধ্যে আঠালো স্ট্যাম্প লাগিয়ে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার সাহেবকে চিঠি। দিয়ে বিদেশে সম্পাদিত আম-মোক্তারনামা বৈধতাকরণের কাজ সম্পন্ন হবে। সেক্ষেত্রে হয়রানি থেকে মুক্তি পাবে জনগণ। জনস্বার্থে এ সম্পর্কে একটি নির্দেশ জারি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. জুনাইদ আহমেদ, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা