মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসে জনবল সংকট চরমে। ৭ জন সমাজকর্মীর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ২ জন। জনবল সংকটের কারণে একদিকে দাপ্তরিক কাজ যেমন ব্যাহত হচ্ছে। অন্যদিকে পল্লী সমাজ সেবা কার্যক্রম (আরএসএস) বাস্তবায়নে নিয়মিত প্রকল্প গ্রামসমূহ পরিদর্শন না করায় মানব সম্পদ উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা যায়, গত ৫ বছর ধরে ফিল্ড সুপার ভাইজার পদটি শূন্য রয়েছে। দুই বছর ধরে উচ্চমান সহকারী এবং ৫ জন সমাজকর্মী ও ১ জন নৈশ প্রহরী না থাকার কারণে সমাজ সেবা দপ্তরের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত। একজন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও দুইজন ইউনিয়ন সমাজকর্মী ও একজন অফিস সহকারী দিয়ে চলছে সমাজ সেবা দপ্তর।
ইউপি সদস্য আঃ বাতেন জানান, সমাজ সেবা অফিসে বর্তমানে তারা কোন কাজ নিয়ে গেলে ঠিকমত করতে পারছেন না। এসব কারণে বন্ধ হয়ে গেছে বিভিন্ন পল্লী সমাজ সেবা কার্যক্রম প্রকল্পের গ্রামসমূহ পরিদর্শন।
এ ব্যাপারে বরিশাল জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে আলাপকালে জনবল সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, মেহেন্দিগঞ্জ সমাজ সেবা দপ্তরের এ সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। উপজেলা মাহেব হোসেন জানান, সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
