দামুড়হুদায় আট মুক্তিযোদ্ধা স্মরণে শহীদ দিবস পালন

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৪
মঙ্গলবার যথযোগ্য মর্যাদায় দামুড়হুদায় ৮ জন বীর মুক্তিযোদ্ধার স্মরণে শহীদ দিবস পালন করা হয়। এ সময়ে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, কাঙ্গালিভোজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলাব্যাপী দিবসটি পালিত হয়। জাতীয় সংসদের হুইপ, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রাশিদুল হাসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজান হোসেন, চুয়াডাঙ্গা জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারগণ নিহতের আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। ১৯৭১ সালের ৫ আগস্ট সম্মুখযুদ্ধে পাক বাহিনীর সাথে আট বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। ১৯৭১ সালের ৩রা আগস্ট গেরিলা গ্রুপ কমান্ডার হাফিজুর রহমান জোয়ার্দ্দারের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা দামুড়হুদা উপজেলাধীন সীমান্ত সংলগ্ন জ-পুর গ্রামের শেলটার ক্যাম্পে অবস্থান নেয় এবং সম্মুখযুদ্ধ শুরু হয়ে যায়। এ সময় বাগুয়ান মাঠে এ যুদ্ধে গোকুলখানি গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে হাসান জামান, কুষ্টিয়া পোড়দহের মহিউদ্দীনের ছেলে খালেক সাইফ উদ্দীন তারেক, আলমডাঙ্গা বটিয়াপাড়া গ্রামে রহমানের ছেলে রওশন আলম, চুয়াডাঙ্গা মহিউদ্দীন আহম্মেদের ছেলে আলাওল ইসলাম, চুয়াডাঙ্গা শহরের বজলু রহমানের ছেলে আবুল কাশেম, মমিনপুরের সিদ্দিক আহম্মেদের ছেলে রবিউল ইসলাম, আলমডাঙ্গা রুয়াপোল গ্রামের রহিম মন্ডলের ছেলে কিয়ামউদ্দীন ও চন্দ্রবাস গ্রামের রমজান আলীর ছেলে আফাজ উদ্দীন শহীদ হয়।