সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৫
দীর্ঘদিন যাবত্ সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট থাকায় রোগীরা চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালে চিকিত্সকের ২১টি পদ থাকলেও সেখানে রয়েছে মাত্র ৫ জন । এছাড়া ডাক্তাররা সময়মত কর্মস্থলে উপস্থিত না হওয়ায় রোগীরা সঠিক চিকিত্সা সেবা পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। ২০০৪ সালে সারিয়াকান্দি হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ওই সময় কয়েক কোটি টাকা ব্যয়ে অপারেশন থিয়েটারসহ (ওটি) অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে হাসপাতালটিকে সজ্জিত করা হয়। প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ানের অভাবে যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালে দীর্ঘদিন যাবত্ এক্সরে মেশিনটিও অকেজো হয়ে পড়ে আছে। ফলে রোগীদের এক্সরে করতে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বগুড়া শহরে যেতে হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বিধান চন্দ্র মজুমদার বলেন, প্রতি মাসেই কর্তৃপক্ষের নিকট ডাক্তারের চাহিদাপত্র পাঠানো হচ্ছে।