বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বাবলাতলা নামক বাসষ্ট্যান্ডে বুধবার মাটি কাটার এক্সক্যাভেটর মেশিনের সাথে বগুড়া থেকে আদমদিঘীর আবাদপুকুরগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময়ে বাসটিতে আগুন ধরে গেলে বাসে থাকা ১০ যাত্রী অগ্নিদগ্ধ হয়।
এদের মধ্যে যাত্রী মঞ্জুয়ারার(২২), রিয়া (৪), রিফা (৬), মনোয়ার (৪৫) ও ইসমাইল হোসেনকে (৬২) দুপচাঁচীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর ৫ জন বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।
বাসষ্ট্যান্ডের পার্শ্বে অবস্থিত টাইলস্ মিলের এক্সক্যাভেটর মেশিনটি ঘটনাস্থলে মোড় ঘুরানোর সময় চলন্ত বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে বাসের গ্যাস সিলিন্ডার লাইনের সংযোগ খুলে গেলে সাথে সাথে বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মালামালসহ বাসটি পুড়ে যায়। পরে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের ২ টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সড়কের দু’পাশে প্রায় আধা ঘণ্টা ধরে শত শত যানবাহন আটকা পড়ে।
