মালয়েশিয়া থেকে মানিক বালী (৪৫) গত রবিবার সন্ধ্যায় বানারীপাড়ায় ভাই-বোন ও স্ত্রীর সাথে মুঠোফোনে কথা বলার কয়েক মিনিট পরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ।
পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার সুখ স্বপ্ন নিয়ে বিদেশ-বিভূঁইয়ে পাড়ি জমিয়ে লাশ হয়ে ফেরায় নিজের স্বপ্ন যেমন অধরা রয়ে গেল তেমনি বৃদ্ধ মা, স্ত্রী ও অবুঝ ছেলে-মেয়েকে অনিশ্চয়তার মাঝে ফেলে গেলেন। এমনকি ২ মাস বয়সী মেয়ের মুখও দেখতে পারলেন না। শিশু কন্যারও দেখা হল না বাবার মুখ।
গতকাল বুধবার সকালে মালয়েশিয়া থেকে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছে। বিকেলে তার লাশ বানারীপাড়ার আউয়ার গ্রামের বাড়িতে নিয়ে আসার পর সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ওই দিন বাদ আসর জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
