মন্দিরে অগ্নিসংযোগ বাড়ি ভাংচুর গ্রেফতার ৩

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৬
সিরাজগঞ্জের রায়গঞ্জের পল্লীতে দুর্বৃৃত্তরা একটি মন্দিরে অগ্নিসংযোগ করাসহ হিন্দু সম্প্র্রদায়ের ৩টি বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সরাইহাজিপুর গ্রামের গোলাম আলীর পুত্র মনজিল খান, আব্দুল গণির পুত্র আব্দুল বারীক ও আব্দুস সালাম। পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়- মঙ্গলবার রাত আড়াইটার দিকে মুখোশপরা সংঘবদ্ধ সন্ত্রাসীরা ঐ গ্রামের সন্তোষ সরকারের বাড়ির আঙ্গিনায় কালীমাতা মন্দিরে অগ্নিসংযোগ করে। দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত মুখোশপরা ১০/১২ জন সন্ত্রাসী সন্তোষ সরকার, রঞ্জিত সরকার ও বরুণ চন্দের বসতবাড়িতে তাদের ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়ে ঘরের বেড়া ও দরজা ভাংচুর করে আতংক সৃষ্টি করে চলে যায়। এ ব্যাপারে সন্তোষ সরকারের ভাই জীবন সরকার বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। অপরদিকে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একই গ্রামের হাজী আব্দুস সাত্তার খানের পুত্র ইউসুফ আলী খান বুদ্ধু ও তার মেয়ে পপি খাতুন গুরুতর আহত হয়। বুদ্ধু খানকে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।