নাটোরের সিংড়ায় বিল নার্সারী প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দকৃত ৩০ হাজার টাকার প্রায় পুরোটাই আত্মসাত্ করা হয়েছে বলে জানা গেছে। ভুয়া বিল ভাউচার দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাত্ করেছেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোশাররফ হোসেন।
জানা যায়, এ বছর উপজেলার শোলাকুড়ী বিলে বিল নার্সারী প্রকল্পে নামমাত্র ৭.৫০ গ্রাম রেণু পোনা ছাড়া হয়। চলনবিলে পানি আসার আগেই পোনা ছাড়ায় পুরো প্রকল্প ভেস্তে যায়। বরাদ্দকৃত অর্থে ২ কেজি রেণু পোনা মজুত করে তা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করে বিলে অবমুক্ত করার কথা থাকলেও তা হয়নি। রেণুর খাবার, পুকুরে জাল টানা, খৈল দেয়াসহ নানা প্রক্রিয়া থাকলেও তা করা হয়নি।
জানা গেছে, রেণু পোনার ক্রয় বাবদ ১ হাজার ৫০ টাকা খরচ করা হয়েছে। বাকি টাকা ভুয়া বিল ভাউচার দেখিয়ে মত্স্য কর্মকর্তা আত্মসাত্ করেছেন।
