মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ পৃথক ঘটনায় বিভিন্ন স্থানে ১৪ নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মুন্সীগঞ্জে স্বামী-স্ত্রী নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ডের কাছে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আমিরুল ইসলাম টুলু (৪৫) ও তার স্ত্রী রিভা আক্তার (৩৫) নিহত হয়েছেন। আমিরুল শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এ সময় তাদের সাথে থাকা দুই বছরের শিশু কন্যা তুলনা আহত হন । এ ঘটনায় উত্তেজিত জনতা একটি বাসে আগুন লাগিয়ে দেয় এবং মহাসড়ক বন্ধ করে দেয়।
শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, টুলু মোটরসাইকেলযোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্রীনগরের বেজগাঁও থেকে পাটাভোগ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুরে শিশুসহ দুইজনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রাম এলাকায় গত মঙ্গলবার বিকালে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় হাবিল উদ্দিন ও কামাল নামে দুইজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে একই দিন উপজেলার ইউসুবপুর গ্রামে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে আশিক (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র মারা গেছে।
দোহারে দুই লাশ উদ্ধার
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর বিল থেকে গত মঙ্গলবার রাত ১০টায় অজ্ঞাত পরিচয় (৫২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরণে ছিল কালো-লাল চেক লুঙ্গি ও সাদা গেঞ্জি। বুধবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দোহার থানার উপপরিদর্শক মো. সেকান্দার জানান, অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুরে কলেজ ছাত্রীসহ দুইজনের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামে গত মঙ্গলবার লাবনী হাজং (১৭) নামে এক আদিবাসী কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানায়, আত্মহত্যা করার আগে সে একটি চিরকুটে লিখে যায়,“তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়’। পুলিশ এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।
এদিকে, বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে গতকাল বুধবার দুপুরে মোটরসাইকেল চাপায় জাহেরা আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় গতকার বুধবার ভোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাজার ভবনের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের এক অজ্ঞাত পরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই নিহত ও ১০ জন আহত হন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি উদ্ধার করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সাঁথিয়ায় এক ব্যক্তি নিহত
পাবনার সাঁথিয়ায় গরু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গত মঙ্গলবার রাত ৯টায় ময়েন উদ্দিন (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ চালকসহ ঘাতক ট্রাক আটক করেছে।
কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেল স্টেশনের পাশে চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিয়ে গতকাল বুধবার সকালে অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধা আত্মহত্যা করেন।
মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মোতাব্বর আলী জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে অজ্ঞাত পরিচয় হিন্দু ধর্মালম্বী মহিলা মাথা দিয়ে আত্মহত্যা করে। এ সময় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।
পূর্বধলায় কীটনাশক পানে এক ব্যক্তির মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় গতকাল বুধবার সকালে কীটনাশক পানে মোখলেছুর রহমান (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সে দীর্ঘ দিন যাবত গলায় ক্যান্সার রোগে ভুগছিলেন। সে মনের দুঃখে সবার অজান্তে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে কীটনাশক পান করে। পরে বাড়ির লোকজন তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান।
রাজশাহীতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজশাহী মহানগরীর হেঁতেম খাঁ গোরস্থানের তার চুরি করতে গিয়ে গতকাল বুধবার সকালে বিদ্যুত্পৃষ্টে মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বিরুদ্ধে ওই এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে নগরীর বোয়ালিয়া মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় গতকাল বুধবার ভোরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে শাহিন (২২) নামে এক ব্যক্তি নিহত ও চালকসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
