বিভিন্ন স্থানে ছয়জন খুন

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৭
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। জগন্নাথপুরে নৌকার মাঝিসহ ২ ব্যক্তি খুন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পারুবন হাওর থেকে গত মঙ্গলবার বিকালে বাবুল মিয়া (৪০) নামে এক নৌকার মাঝির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, শনিবার উপজেলা সদর নৌকা ঘাট থেকে ৪ ব্যক্তি দাওরাই যাওয়ার জন্য বাবুল মিয়ার নৌকাটি ভাড়া নেয়। মঙ্গলবার সকালে এলাকাবাসী হাওরে ভাসমান লাশ দেখে থানায় খবর দেয়। বাবুল মিয়ার ব্যবহূত নৌকাসহ নবীগঞ্জ থানা পুলিশ ছালিক মিয়া, মর্তুজ আলী, মইনুল হক ও আব্দুল মুকিতকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। এদিকে, জগদীশপুরে সংঘর্ষে আহত সোনাই মিয়া সিলেটে একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মারা যান। গত ২৪ জুন সুনাই মিয়া ও তারামুল মিয়ার মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে সোনাই মিয়া আহত হন। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে। আটোয়ারীতে হাত পা বাঁধা লাশ উদ্ধার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মুন্সীপাড়া গ্রামে গতকাল বুধবার সকালে পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় সইফুল (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান আবদার, সাবেক চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আটোয়ারী থানার ওসি মো. শাহ আলম, ও.সি (তদন্ত) মো. মোজাফ্ফর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নীলফামারীর ডিমলার তিস্তা নদীর বাইশপুকুর চর থেকে গত মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ৫/৬ দিন পূর্বে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছিল। লাশটির কপালের উপর ডান দিকে ও বুকের উপর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর হাত ও পায়ের ৪টি বৃদ্ধাগুলি কেটে নেয়া হয়েছে। লাশটি পচন ধরায় মুখমণ্ডল বিকৃত হওয়ায় স্থানীয় লোকজন পরিচয় নিশ্চিত করতে পারেনি। ডিমলা থানার এসআই শহিদুর রহমান জানান, এ ঘটনায় খালিশা চাপানি ইউনিয়নের দফাদার বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মুকসুদপুরে গৃহবধূকে হত্যা মুকসুদপুর উপজেলার খানজাপুর গ্রামে গতকাল বুধবার গৃহবধূ রুলিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শ্বশুর বাড়ির লোকজন জানায়, রুলিয়া গুইল খেয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালের আরএমও ডা. লুত্ফর রহমান জানান, গুইল বা কোন বিষ জাতীয় দ্রব্য খেয়ে মারা যাওয়ার আলামত পাওয়া যায়নি। বাসাইলে স্কুল ছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের মিডিয়া কিন্ডার গার্টেনের একটি কক্ষ থেকে গতকাল বুধবার সকালে জিহাদ জমাদার (১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিহাদ ঐ স্কুলের ৫ম শ্রেণির ছাত্র ছিল। গত মঙ্গলবার বিকাল থেকে জিহাদ জমাদার নিখোঁজ হয়। স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে প্রতিবেশিরাই তাকে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হলেও রহস্যজনক কারণে তাতে কি লেখা রয়েছে তা জানাতে অস্বীকার করেছে পুলিশ। বাসাইল থানার ওসি দেলোয়ার আহাম্মদ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বাসাইল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।