সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৮
কেশবপুরে বোমাসহ যুবক আটক কেশবপুর (যশোর) সংবাদদাতা \ যশোর কেশবপুর থানা পুলিশ বুধবার একটি তাজা বোমাসহ সঞ্জিব হারু, নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক যশোর শহরের ষষ্টিতলা এলাকার দীপক হারুর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এস আই তাপস রায় শহরের ক্লেরোড এলাকা থেকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করাকালীন তার দেহ তল্লাসী চালিয়ে বোমা উদ্ধারসহ তাকে আটক করে। লালমনিরহাটে ৩৬ জন গ্রেফতার লালমনিরহাট প্রতিনিধি \ পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার আসাাম সহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলায় ৭ জন, আদিতমারীতে ৬ জন, কালীগঞ্জে ৮ জন, হাতীবান্ধায় ২ জন এবং পাটগ্রামে ১১ জনকে সংশ্লিষ্ট থানা পুলিশ বিভিন্ন মামলায় গ্রেফতার করে। নাগরপুরে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইল নাগরপুরে সহবতপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থ্যাপনা কমিটির নির্বাচন স্থগিত। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানান যায়, সহবতপুর উচ্চ বিদ্যালয়ের আগামী ১৩ আগস্ট ব্যবস্থ্য্যাপনা কমিটির নির্বাচনে ভোটার তালিকায় বিভিন্ন ধরনের ক্রটিবিচ্যুতি থাকায় নির্বাচন স্থগিত করার জন্য অভিভাবক সদস্য প্রার্থী মোঃ আব্দুল জলিল মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করায় উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খান নির্বাচন স্থগিত করেন। রায়পুরে জামায়াত নেতা গ্রেফতার রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রায়পুরে হরতাল অবরোধের সময় সড়কসহ গাছকাটা, সহিংসতা ও নাশকতারসহ একাধিক মালার আসামি আব্দুল কাদের নামে জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ওই নেতাকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদের উপজেলার ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের জামায়াতের সেক্রেটারী ও টাকুয়ারচর এলাকার মৃত আমান উল্যার ছেলে। বৃহস্পতিবার তাকে আদালের মাধ্যমে কারাগরে প্রেরণ করা হয়েছে। ফরিদপুরে বৃক্ষ মেলা উদ্বোধন ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ বুধবার ফরিদপুর উপজেলা মিলায়তনে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। এর পূর্বে সকাল ১০ টায় একটি শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিনের সভাপতিত্বে বক্তব্য করেন উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সরকার। আড়াইহাজারে ছাত্রলীগের প্রস্তুতি সভা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের উদ্যেগে প্রস্তুতি সভা গতকাল বুধবার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আছলাম পাঠান , ভিপি আমির হোসেন, জি এস রমযান আল মামুন প্রমুখ। পার্বতীপুরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুরে গতকাল বুধবার কৃষি সমপ্রসারন অফিস চত্বরে ৪ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি মানুষের খাদ্যে পুষ্টি চাহিদা পুরনের জন্য ফলদ বৃক্ষ রোপন করার পার্বতীপুর বাসীকে আহবান জানান। উক্ত সভায় বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর। জয়পুরহাটে জাতীয় পার্টির মানববন্ধন জয়পুরহাট প্রতিনিধি \ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত বোমা হামলায় নারী ও শিশুসহ সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদ এবং হামলা বন্ধের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জাতীয় পার্টি। বুধবার জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা আহ্বায়ক হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক তিতাস মোস্তাফা। কোটালীপাড়ায় বাল্য বিয়ে থেকে মুক্তি পেল স্কুলছাত্রী কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাল্য বিয়ে থেকে মুক্তি পেয়েছে প্রকাশ ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জেসমিন খানম (১৫)। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্য বিয়ে বন্ধ হয়। বুধবার উপজেলার ফেরধরা গ্রামের বাবুল শেখের ছেলে রবিউল শেখের সাথে চিতশী গ্রামের হান্নান শেখের মেয়ে জেসমিনের বিয়ের আয়োজন করা হয়েছিল। বড়াইগ্রামে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ গতকাল বুধবার নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা মেলা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শরীফুন্নেসার সভাপতিত্বে সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বায়েজীদ হোসেন ওয়ারেছী। মদনে অটোরিকশা-সিএনজি সংঘর্ষে আহত ৫ মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ বুধবার নেত্রকোনার মদন উপজেলার বাড়রী গ্রামে মদন-কেন্দুয়া সড়কে শিশু সোনা মিয়াকে (৩) অটোরিকশা চালক বাঁচাতে গিয়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার মদন উপজেলার সদর থেকে সিএনজি যাত্রী নিয়ে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা হলে অপরদিকে কেন্দুয়া থেকে ছেড়ে আসা অটোরিকশা যাত্রী নিয়ে মদনের উদ্দেশ্যে আসার পথে শিবপুর নামক স্থানে বাড়রী গ্রামের আশিষ মিয়ার শিশুপুত্র সোনা মিয়া অটোরিকশার সামনে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অটো-সিএনজির মুখোমুখির সংঘর্ষ হয়। এতে আফরোজা আক্তার, আয়শা আক্তার, সাইফুল ইসলাম, সোনা মিয়া এবং অটোরিকশা চালক আবুল কালাম আহত হয়। বানারীপাড়ায় ছাত্রলীগের সদস্য বহিষ্কার বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য সুমন খানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূরুল হুদা তালুকদারের সভাপতিত্বে জরুরি সভায় সাংগঠনিক নীতি-আদর্শ বিরোধী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অশোভন আচরণ, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গৌরব ও ঐতিহ্যের সংগঠন ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। কুড়িগ্রামে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতাকে হত্যার দায়ে পুত্র জিয়াউর রহমানকে (২৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ গোলাম মোর্শেদ এ রায় প্রদান করেন। গত ২০০৭ সালের ১৭ জুন বিকালে আবেদ আলীর সাথে তার পুত্র জিয়াউর রহমানের ২ টাকা দামের গুল খাওয়া নিয়ে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান হাতুড়ি দিয়ে আবেদ আলী মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। জনযুদ্ধের সাবেক কমান্ডার রুহুল মারা গেছেন মেহেরপুর প্রতিনিধি \ চরমপন্থি সংগঠন বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ অঞ্চলের এক সময়ের কমান্ডার এবং এলাকা কাপানো নেতা রুহুল ওরফে সন্ত্রাসী রুহুল গত মঙ্গলবার ভারতে মারা গেছেন। রুহুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন থানায় তার নামে প্রায় দুই ডজন মামলা ছিল। তিনি মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলখানায় হাজতবাস ও কারাবাস করেছেন। গেল বছরে তিনি মেহেরপুর জেলা কারাগার থেকে হাজতমুক্ত হন। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবন-যাপন শুরু করেন। চিকিত্সার জন্য তিনি ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হুদা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে তিনি হূদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তবে তার লাশ দেশে ফেরত আনা সম্ভব হবে কিনা তা নিয়ে পরিবারের সদস্যদের মাঝে সংশয় দেখা দিয়েছে। গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষে ১০ দোকান ভাংচুর গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপা উপজেলার চিকনিকান্দি বন্দরে গত মঙ্গলবার সন্ধ্যায় বিরোধীয় জমিতে ঘর তোলা নিয়ে সরকারি দলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়। এরই জের ধরে দিপু ও টিপুর নেতৃত্বে চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এরশাদ হোসেন বাদলের বিরুদ্ধে মিছিল সহকারে বন্দরের বাবু পালের মিষ্টির, বাসুর চায়ের, অরুণ কুণ্ডর কাপড়ের, অংকন পালের কম্পিউটারের, রাজীবের ওষুধের ও মিলনের পানের দোকানসহ সংখ্যালঘুদের ১০টি দোকান ভাংচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার পর চিকনিকান্দি বন্দরের দোকান পাট বন্ধ রয়েছে। চিকনিকান্দি বন্দরের উত্তর পাশে বিরোধীয় জমিতে দিপু ও টিপু ঘর তুলতে গেলে রাসেল মিয়া বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ মনোয়ারা বেগম, মমতাজ বেগম, নুপুর, দিনা, পারুল, রেহেনা, টিপু, দিপু, হাফেজ জোমাদ্দার, রাসেল মিয়া আহত হন। আহতদের মধ্যে মনোয়ারা বেগম, মমতাজ, নুপুর ও পারুল বেগমকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দ্বিতীয় দিনের মতো ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রেখে কালো পতাকা উত্তোলন করেছে। পটুয়াখালী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ থেকে রাজবাড়ী-ফরিদপুর রেললাইনে ট্রেন চলবে রাজবাড়ী প্রতিনিধি \ আজ বৃহস্পতিবার থেকে রাজবাড়ী-ফরিদপুর রেললাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে। গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনসভাস্থল হতে অন্যান্য উন্নয়ন প্রকল্পের সাথে এ রেল রুটটি উদ্বোধন করেন। রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) সুলতান আলী জানান, নবনির্মিত পাঁচুরিয়া-ফরিদপুর রেললাইনে ৭ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করা হবে। বাংলাদেশ রেলওয়ের পাঁচুরিয়া-ফরিদপুর-ভাঙা সেকশনের রেললাইন পুনর্বাসন ও নির্মাণ প্রকল্পের আওতায় পাঁচুরিয়া হতে ফরিদপুর পর্যন্ত ২৫ কিঃ মিঃ ট্র্যাকের কাজ সম্পাদন পূর্বক ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। এ লাইনে আপাতত রাজবাড়ী হতে ফরিদপুর পর্যন্ত একটি আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্ধ লাইনে হঠাত্ করে ট্রেন চলাচল করলে রেললাইনের নিকটবর্তী এলাকার জনসাধারণ দুর্ঘটনা কবলিত হতে পারে। যে কারণে তাদের সকলকে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেয়া হয়েছে। পাঁচবিবিতে চাঁদা না দেয়ায় প্রকৌশলীকে মারধর পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ ঠিকাদারের কাছে চাঁদার দাবিতে জয়পুরহাট গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হারুনার রশিদকে মারধর করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রকৌশলী পাঁচবিবি থানায় বালিঘাটা বাজারের জহুরুল ইসলামের ছেলে আরিফ রব্বানী ইসতি, গোপালপুর এলাকার দুলু মিয়ার ছেলে তৌফিকুর রহমান রাফিজ ও দানেজপুর এলাকার মোজাম্মেল ব্যাপারীর ছেলে সাদসহ অজ্ঞাতনামা আরো ২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। জানা যায়, পাঁচবিবি খাদ্য গুদামের অভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের দায়িত্ব পায় ঢাকার সেগুনবাগিচার ঠিকাদারী প্রতিষ্ঠান আনাম ট্রেডার্স। গত সোমবার ৪ আগষ্ট একদল সন্ত্রাসী ঠিকাদারের প্রতিনিধি মিজানুর রহমানের নিকট কাজের মান ভাল না হওয়ায় চাঁদা দাবি করে। ভয়ে মিজানুর রহমান তাদেরকে ৫ হাজার টাকা দেয়। গত মঙ্গলবার সন্ত্রাসীরা বকেয়া ১ লাখ ৯৫ হাজার টাকা নেয়ার জন্য খাদ্য গুদাম এলাকায় এসে মিজানুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় উন্নয়ন কাজ পরিদর্শন করতে আসা উপ-সহকারী প্রকৌশলী হারুনার রশিদ বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। তারা প্রকৌশলীকে ঠিকাদারের নিকট থেকে চাঁদা আদায় করে না দেয়া পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেন। ফুলবাড়ীয়ায় ১৭০ বস্তা ভিজিএফের চালসহ আটক ২ ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বাবুগগঞ্জ বাজার থেকে ১৭০ বস্তা ভিজিএফে চাল পাচারকালে জনতা একটি ট্রাকসহ গতকাল মঙ্গলবার দুুপুরে আছিম শুশুতি বাজার সড়কের নিশিন্দার পাড়ের মুন্সিবাড়ি নামক স্থানে আটক করে। পুলিশ ট্রাকসহ চালক আসাদুল ইসলাম (২৫) ও সহকারী বুলবুলকে (২২) আটক করেছে। স্থানীয় চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী জানান, আটক চাল ভিজিএফের। এ চাল কালোবাজারীরা কিনে পাচার করছিল। খবর পেয়ে জনতা এ চাল আটক করেছে। ট্রাক চালক ও সহকারী জানান, রাতে রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের বাবুগঞ্জ বাজারের ৩/৪ টি ঘর থেকে প্রায় ৩শ’ ৭০ বস্তা ভিজিএফের চালসহ দুটি ট্রাক ছেড়ে যায়। সড়ক যোগাযোগ খারাপ থাকায় রাতেই একটি লড়ি চলে গেলেও অপরটি সড়কে আটকা পড়ে। জনতা খবর পেয়ে ১৭০ বস্তা ভিজিএফের চালসহ ট্রাকটি আটক করে। ঝিনাইদহে রেল দুর্ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের বারোবাজার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামবাসী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনকালে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানান তারা। আহতদের চিকিত্সার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়। শুক্রবার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলক্রসিংয়ে একটি বরযাত্রীবাহী বাসের সাথে সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের সংঘর্ষে ১১ জন নিহত ও ৬০ জন আহত হন। আহতদের মধ্যে ৪৮ জন এখনও ঢাকা, যশোর ও ঝিনাইদহ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। কয়েকজন ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন। আজ জীবননগরে স্থানীয় শহীদ দিবস জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ আজ ৭ আগস্ট। জীবননগরের স্থানীয় শহীদ দিবস। ৭১’র এই দিনে দেশ মাতৃকাকে স্বাধীন করার লক্ষ্যে ভারতের বানপুর হতে মুক্তিযোদ্ধাদের একটি দল মাধবখালী সীমান্তে প্রবেশ করলে পাক-হানাদার বাহিনী তাদের উপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়লে শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে ৫ বীর মুক্তিযোদ্ধা ইপিআর জওয়ান শহীদ হন। যুদ্ধে সমান সংখ্যক সৈন্য হারায় পাকিস্তানী হানাদার বাহিনী। মুক্তি বাহিনীর ব্যাপক গুলিবর্ষণ ও প্রতিরোধের মুখে পাক-হানাদার বাহিনী এক সময় পিছু হটে। শহীদ ৫ বীর মুক্তিযোদ্ধা হচ্ছেন- হাবিলদার আব্দুল গফুর, নায়েক আব্দুর রশিদ, সিপাহী আবু বকর, সিপাহী আব্দুল আজিজ ও সিপাহী সিদ্দিক আলী। এখন প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবসে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী আসেন শ্রদ্ধা নিবেদন করতে। কিন্তু অদ্যাবধি সেখানে কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি। ফলে এলাকাবাসীর দাবিও পূরণ হয়নি স্বাধীনতার ৪৩ বছরেও। সিদ্ধিরগঞ্জ থানা ঘেরাও সড়ক অবরোধ সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জে সিএনজি আটকের প্রতিবাদে সিএনজি চালক ও মালিকরা গতকাল বুধবার বিক্ষোভ প্রদর্শন ও ডেমরা-আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। জানা যায়, মঙ্গলবার রাতে একটি সিএনজি দিয়ে অপরাধ করার সন্দেহে পুলিশ চালক লিটনসহ সিএনজিটি (ঢাকা-মেট্রো-১১-১৪৭৮) আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে একদল সিএনজি চালক ও মালিক আটককৃত সিএনজি ও চালককে ছেড়ে দিতে থানায় এসে বিক্ষোভ ও ডেমরা-আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। পরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন সিএনজি চালকদের আটককৃত সিএনজির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে ছেড়ে দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত। চাঁপাইনবাবগঞ্জে যৌন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আদিবাসী নারী ইউপি সদস্যকে মারধর ও যৌন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটি ও আদিবাসী ছাত্র পরিষদ জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। চৌদ্দগ্রাম মডেল কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম বাজার চৌদ্দগ্রাম মডেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস প্রোগ্রাম গতকাল বুধবার কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ ইউসুফ আলীর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মাঈনউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম, আবদুল মান্নান, শিক্ষক মনির হোসাইন, জাকির হোসাইন, শরিফুল ইসলাম, অভিভাবক আবদুল ওয়াদুদ ও মাওলানা কাশেম প্রমুখ। বাঞ্ছারামপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন বাঞ্ছারামপুুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সদরে প্রতীতি সংগীত নিকেতনের উদ্যোগে কবি গুরু বিশ্বকবি রীন্দ্রনাথ ঠাকুরের ৭৩তম প্রয়াণ দিবস পালিত হয়। গতকাল বুধবার প্রতীতি সংগীত নিকেতন চত্বরে অধ্যক্ষ আবু হানিফের সভাপতিত্বে আলোচনা ও সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ, প্রফেসর চান মিয়া সরকার, সাংবাদিক এম এ আউয়াল, তোফাজ্জল হোসেন তোকেল, আব্দুল আলীম, জাহাঙ্গীর আলম, শ্যামল, মাহমুদা আক্তার, পুজা ও প্রতীতির পরিচালক আশেক এমরান । নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন নড়াইল প্রতিনিধি \ ‘দেশি ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’— এ শ্লোগান নিয়ে নড়াইলে গতকাল বুধবার বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসন, সামাজিক বনবিভাগ ও কৃষি সমপ্রসারণের আয়োজনে বুধবার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সুলতান মঞ্চ চত্বরে মেলা উদ্বোধন করেন নড়াইল-২ আসনের এমপি এডভোকেট শেখ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, পুলিশ সুপার মনির হোসেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেন। নোয়াখালীতে যক্ষ্মা রোগ প্রতিরোধে মতবিনিময় নোয়াখালী প্রতিনিধি \ ‘যতদিন বাঁচবো যক্ষ্মাকে রুখবো’— এ স্লোগান বাস্তবায়নে যক্ষ্মারোগ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল বুধবার নোয়াখালী বিআরডিবি প্রশিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিকউল্যাহর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন যক্ষ্মা রোগ বিশেষজ্ঞ ডা. মো. কামালউদ্দিন। টঙ্গীতে র্যাব-পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-৩ টঙ্গী(গাজীপুর) সংবাদদাতা \ টঙ্গী আউচপাড়ার একটি বাড়িতে ও ভরান মাজার বস্তিতে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, বিদেশি মদসহ তিনজন মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতে প্রেরণ করেছে র্যাব-১ ও টঙ্গী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বানারীপাড়ায় প্রকৌশলীকে সংবর্ধনা বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় ঐতিহ্যবাহী ইলুহার বিহারী লাল একাডেমি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচিত সভাপতি প্রকৌশলী অনিমেষ সরকার নয়নকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সমপ্রতি বিদ্যালয় চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক একেএম আ. করিম’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমএন জামান মুকুল, শিক্ষক নরেন্দ্রনাথ বাড়ৈ। হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির তিন বছর মেয়াদি নির্বাচন গতকাল বুধবার হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি মোহাম্মদ লুত্ফর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শামসুল হক, মো. আবুল হোসেন, মো. আ. রব, মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এটিএম মফিজুল ইসলাম শরীফ, যুগ্ম-সম্পাদক মো. আইয়ুব আলী, মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। দামুড়হুদায় শাটার গান ও বন্দুকের তাজা গুলি উদ্ধার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল বুধবার উপজেলার দামুড়হুদার কালিয়াবকরী গ্রামের একটি বাঁশবাগান থেকে হত্যা মামলার আসামি একই গ্রামের পাতার আলীর ছেলে মিজানুর রহমান ওরফে মিজারের প্রাথমিক স্বীকারোক্তি মোতাবেক একটি শাটার গান ও বন্দুকের এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বোদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা ও মা সমাবেশের মধ্য দিয়ে গতকাল বুধবার পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি সংগঠন ইএসডিও’র কমস প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল্লাহ সুফি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান রুহুল আমীন প্রধানের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা উপজেলা মেডিক্যাল অফিসার ডা. রাজিব উল দৌল্লাহ তুর্য্য, প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক একেএম মাহবুবুল আলম ও ইএসডিও’র কমস প্রকল্পের উপজেলা ম্যানেজার নুরশেদা আকতার। বাঞ্ছারামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর পরিচিতি সভা বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার নব-নির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এমপি । উলিপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিডিএসসি, এসকেএস, এমজেএসকেএস, ব্র্যাক, আরডিআরএস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা আয়োজনে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার রায়ের সভাপতিতে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আমিন আল পারভেজ। সিংড়ায় গাঁজাসহ বিক্রেতা আটক সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোর সিংড়ায় গাঁজাসহ বিক্রেতা রওশনাকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শেরকোল বাজারপাড়া থেকে গাঁজা বিক্রি করার সময় তাকে আটক করে। সে শেরকোল বাজারপাড়ার জটু মিয়ার স্ত্রী ও নাটোর সদরের ভাইট্টা গ্রামের আবদুর রশিদের মেয়ে। মুুক্তাগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার; লক্ষ্য হবে সফল জীবন পাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, পপি (সৌহার্য) এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সুফিয়া শিরিন। বাগেরহাটে প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের ব্যবহূত প্রাইভেট কার থেকে ৮ রাউন্ড গুলি ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার বাগেরহাট শহরতলীর মুনিগঞ্জ ব্রিজের পুর্বপাশ থেকে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। আটককৃতরা হলো বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে কামরুজ্জামান সোহাগ ও কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের এনামুল হকের ছেলে বাবু গাজী। চৌদ্দগ্রামে পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের কুমিল্লা জেলা সভাপতি ও চান্দিনা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকসী। পরিষদের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি বাবু সুখময় রঞ্জন দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা সেক্রেটারী মুক্তিযোদ্ধা নির্মল পাল ও চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী। কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে.কে নগর প্রকাশ্যে গিট্টাশাল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন।