ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, ধনী-গরিব নির্বিশেষে সকলেরই একটি অর্থনৈতিক লক্ষ্য আছে। সেই লক্ষ্য পূরণে আমাদের একযোগে কাজ করার সুযোগকে কাজে লাগাতে হবে। এটা যেন মুষ্টিমেয় ভাগ্যবানদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সকলের যৌক্তিক প্রত্যাশার প্রতীক হয়ে ওঠে। চীনের সাংহাইয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত এশিয়া মাইক্রোফাইন্যান্স ফোরামে মূল বক্তা হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় ব্যাংকিং উইথ দি পুওর নেটওয়ার্ক এবং ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এফডিসি) এই সম্মেলনের আয়োজন করে। এর স্থানীয় আয়োজক ছিলো চায়না অ্যাসোসিয়েশন অফ মাইক্রোফাইন্যান্স। গতকাল বুধবার ব্র্যাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ফজলে হোসেন আবেদ বলেন, ‘ফাইন্যান্সিয়াল ইনকুশন’ বা আর্থিক সেবার আওতায় আনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও তৃণমূলের জনসাধারণের ক্ষমতায়ন ব্র্যাকের সামগ্রিক কর্মকৌশলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সঞ্চয় ও ঋণের মাধ্যমে বর্তমানে ব্র্যাক বাংলাদেশে ৪৪ লাখেরও বেশি পরিবারকে ক্ষুদ্রঋণের সেবা দিয়ে যাচ্ছে। এ বছরের গোড়ার দিকে ব্র্যাক মিয়ানমারে তার ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেছে। বিশ্বের ১১ টি দেশের সাড়ে তের কোটি মানুষের জীবনে পরিবর্তনের স্পর্শ রেখে যাচ্ছে ব্র্যাক।
উল্লেখ্য, এশীয় অঞ্চলের মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রে এশিয়া মাইক্রোফাইন্যান্স ফোরাম অন্যতম প্রধান ফোরাম বলে স্বীকৃত। এশিয়ার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে টেকসই অর্থনৈতিক সেবা প্রদান ও প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার ফোরামের মূল প্রতিপাদ্য ছিল ‘ফাইন্যান্সিয়াল ইনকুশন ইন এশিয়া: ক্রিয়েটিং ডায়নামিক ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমস ফর দি পুওর’।
