হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে। এই বিমান বন্দরের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করে আসছে। কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের অভাবে বর্তমানে এ কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এই বিমান বন্দরে প্রতি সপ্তাহে প্রায় ১৮০টি উড়োজাহাজ ওঠা-নামা করে। বিমান বন্দর থেকে কোনো উড়োজাহাজ উড্ডয়নের উপযোগী করতে পুশ কার্ট একটি অত্যাবশ্যকীয় ইকুইপমেন্ট। কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুশ কার্ট না থাকায় দীর্ঘদিন যাবত্ এ কাজ ব্যাহত হচ্ছে। বর্তমানে ৪টি পুশ কার্টের মধ্যে ৩টিই অকেজো রয়েছে। ফলে এখান থেকে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ যান্ত্রিক উপায়ে ধাক্কা দিয়ে বে থেকে এ্যাপ্রোনে নিয়ে উড্ডয়নের উপযোগী করার কাজ বিলম্বিত হচ্ছে। গত এক সপ্তাহ এ বিমান বন্দর থেকে অধিকাংশ ফ্লাইটই নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এ নিয়ে বিশেষ করে বিভিন্ন বিদেশি এয়ারলাইন্স রীতিমত ক্ষুব্ধ। কারণ এখান থেকে ফ্লাইট ছাড়তে বিলম্ব হওয়ায় সংশ্লিষ্ট এয়ারলাইন্স সংস্থাগুলোকে নানাভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষের তেমন মাথাব্যথা নেই।
এছাড়া প্রয়োজনীয় ইকুইপমেন্টের অভাবে এই বিমান বন্দরে উড়োজাহাজের যাত্রীদের ব্যাগেজ ওঠানো-নামানোর কাজও বিঘ্নিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার পর ব্যাগেজ হাতে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু এ অবস্থার উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয় নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিমানের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
