অত্যাচার যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে :ফখরুল

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২২:২১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের শরিক দলের নেতাদের সাথে বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির আন্দোলন চলমান। নেতা-কর্মীদের উপর অন্যায়-অত্যাচার, গ্রেফতার যত আসবে আন্দোলন তত তীব্রতর হবে। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল ড্যাব নেতা-কর্মীদের নিয়ে জিয়ার মাজারে ফুল দিতে যান। মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতেই একের পর এক ‘মিথ্যা’ মামলা দেয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে মামলা হবে, নির্যাতন হবে তবে আন্দোলন চলছে, চলবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ড্যাবের সভাপতি ডা. আজিজুল হক, মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।